
গুঞ্জন বহু আগে থেকেই ছিল। দুই নন-ফিকশন শো একেবারে নতুন ফরম্যাটে নিয়ে হাজির হবে চ্যানেল কর্তৃপক্ষ। এই নিয়ে বহু আগে থেকেই নানান জল্পনা কল্পনা চলছিল। তবে সেই জল্পনাই এবার সত্যি হল। জি বাংলার দুটি নন-ফিকশন শো একেবারে নতুন মোড়কে হাজির হল। আর যা দেখে বেশ তাজ্জব দর্শকেরা। রবিবারই 'রান্নাঘর' ও 'দিদি নম্বর ১'-এর নতুন প্রোমো সামনে আসে। যেখানে এই দুই শোকে একেবারে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। যার মধ্যে অন্যতম এই দুই শোয়ের সঞ্চালিকা বদল। বিশেষ করে দিদি নম্বর ১-এ রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখে হতবাক অনেকেই।
সঞ্চালিকা বদল 'দিদি নম্বর ১'-এর
জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর দশম সিজনকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। নতুন সিজনে একাধিক চমকের ইঙ্গিত দিয়েছে চ্যানেল। এবার আর চারজন নয়, একসঙ্গে দশজন প্রতিযোগীকে নিয়ে খেলা হবে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা ছিল যেটা নিয়ে তা হল দিদি নম্বর ১-এর সঞ্চালিকা নিয়ে। দীর্ঘদিন এই শোয়ের দায়িত্বে ছিলেন রচনা। কিন্তু নতুন সিজনে রচনাকে বদলে তাঁর জায়গায় নিয়ে আসা হল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। নতুন প্রোমোতেও দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সঞ্চালিকার পাশাপাশি এই শোয়ের সময়ও পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ জুন থেকে দিদি নম্বর ১-এর নতুন সময় রাত ১০টা ১৫ মিনিটে। সোম থেকে শুক্র এই শো দেখা যাবে বিকেলের পরিবর্তে রাতে। এবার প্রশ্ন হল, রচনার জায়গায় স্বস্তিকা এই শোয়ের জনপ্রিয়তা বাড়াতে পারে নাকি টিআরপিতে আর নীচে নেমে যেতে পারে, তা সময়ই বলবে।
নতুনভাবে আসছে 'রান্নাঘর'
অপরদিকে, রান্নাঘর-এর জনপ্রিয়তাও বেশ তুঙ্গে। রান্নাঘর শুরু হওয়ার সময় এই শোয়ের সঞ্চালিকা হিসাবে সুদীপা চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। সুদীপার আমলে রান্নাঘর দারুণ হিট হয়েছিল। এরপর রান্নাঘর মাঝে বহু বছর বন্ধ থাকার পর পুনরায় তা নতুন করে শুরু হয় এবং এই শোয়ের সঞ্চালিকা হিসাবে দেখা যায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। তবে দেড় বছর পর ফের নয়া ফরম্যাটে রান্নাঘর শোটিকে নিয়ে আসা হল। এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসুকে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার লুক। জি বাংলায় আসছে নতুন রিয়েলিটি শো ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’। সেখানেই সঞ্চালক হিসেবেই থাকছেন বিশ্বনাথ বসু। শাশুড়ি মায়ের চরিত্রে একেবারে নয়া অবতারে দর্শকের দরবারে ধরা দেবেন অভিনেতা। শাশুড়ি মায়ের চরিত্রে বিশ্বনাথ বসুর উপস্থিতিই নিঃসন্দেহে নতুন শো-এর চমক হবে তা বললে অত্যুক্তি হবে না। আগামী ২৯ জুন থেকে এই শো বিকেল ৪টের সময়। এই শোয়ের নতুন প্রোমো সামনে এসেছে।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে জি বাংলা তাদের নন-ফিকশন শোগুলিকে নয়া মোড়কে হাজির হবে। তবে দিদি নম্বর ১ থেকে রচনার সরে যাওয়া তা দর্শকদের কাছে বিরাট ধাক্কা বলেই মনে হচ্ছে। কারণ এই শোয়ের জনপ্রিয়তার পিছনে রচনা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু কেন রচনাকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা রচনা নিজে কিছুই জানাননি।