
বাংলা টেলিভিশন জুড়ে এখন চর্চার বিষয় একটাই 'দিদি নম্বর ১'। একেবারে নতুন ফরম্যাটে হাজির হচ্ছে এই গেম শো। খেলার ধরন যেমন পাল্টে যাচ্ছে তেমনি এই শোয়ের দীর্ঘদিনের সঞ্চালিকাও বদল হয়েছে। এখন থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এই শোয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই নতুন দিদি নম্বর ১-এর প্রোমো প্রকাশ্যে চলে এসেছে, যেখানে স্বস্তিকাকে দেখা গিয়েছে দিদির ভূমিকায়।
শুরু হবে 'দিদি নম্বর ১' সিজন ১০
দীর্ঘ ১৫ বছর ধরে এই অনুষ্ঠানের মুখ ছিলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছে ‘দিদি নম্বর ১’ এবং রচনা যেন ছিল একে অপরের পরিপূরক। তাই আচমকা এই শো থেকে রচনাকে সরিয়ে দেওয়ার ফলে চর্চা কিন্তু তুঙ্গে এখন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন সিজনের প্রোমো, যেখানে সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। দিদি নম্বর ১ সিজন ১০-এর এই শো ঠিক কবে থেকে আর কখন দেখা যাবে, তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে।
কবে থেকে ও কোন সময়ে দেখা যাবে?
দিদি নম্বর ১-এর নতুন সিজন শুরু হচ্ছে ২৯ জুন, সোমবার থেকে। এই শোয়ের নতুন প্রোমো অনুযায়ী, দিদি নম্বর ১ সোমবার থেকে রাতে সম্প্রচার হবে সন্ধের পরিবর্তে। নতুন শোয়ের নতুন সময় হল রাত ১০টা ১৫ মিনিট। সোম থেকে শুক্র রাত ১০টা ১৫ মিনিট থেকে এই শো দেখা যাবে। সিজন ১০ যেহেতু তাই সবকিছুই হবে দশগুণ বেশি। ইতিমধ্যেই নতুন সঞ্চালিকা স্বস্তিকাকে ঘিরেও দর্শকদের উত্তেজনাও তুঙ্গে।
কী বলছেন প্রাক্তন 'দিদি' রচনা?
দিদি নম্বর ১ থেকে রচনাকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বিষয়টি সম্পূর্ণভাবে চ্যানেলের সিদ্ধান্ত। তিনি বলেন, “আমার কাজের চাপ তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুন ভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। আমরা সমৃদ্ধ হয়েছি এতগুলো বছরে। নতুন সঞ্চালক এবং চ্যানেলের সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সে কথাও স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। রচনার দাবি, গত দেড় দশকে এই অনুষ্ঠানের জনপ্রিয়তা তৈরি করার পিছনে তাঁর অবদান অস্বীকার করা যায় না। তাঁর কথায়, “এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি।