
টলিপাড়ায় যেমন নতুন জামাইদের ছড়াছড়ি, তেমনি নতুন বাবাদের সংখ্যাও নেহাত কম নয়। গত বছরের জুনে বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছেলে নডি একবারে নয়নের মণি। মা পিয়ার সঙ্গে ছেলের সব কাজেই হাত লাগিয়ে থাকেন বাবা পরম। রবিবার ফাদার্স ডে উপলক্ষ্য়ে পরমব্রত ও নিষাদের একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন পিয়া।
বাবা ও ছেলের মিষ্টি মুহূর্তগুলো নিজের কাছে রেখে দিয়েছিলেন পিয়া। আর সেইসব অজানা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মা পিয়া। কোনও ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট নডিকে নিয়ে পুলের জলে খেলা করছেন পরমব্রত, কখনও বা বাবার সঙ্গে বালিতে খেলা করছে একরত্তি। কোনও ছবিতে আবার বাবাকে জড়িয়ে ধরে আছে নডি আবার ফ্লাইটে বাবার কোলে চড়ে আছে খুদে। তবে শেষ ছবিটা মন ছুঁয়ে যাবে। গাড়িতে বাবার কোলে ঘুমোচ্ছে নডি, সঙ্গে পরমও ঘুমোচ্ছে। এই ছবি শেয়ার করে পরম-পত্নী ক্যাপশনে লিখেছেন, বাবা-ছেলে মুহূর্ত। এই ফ্রেমগুলি নিজেরাই অনেক কথা বলছে এদের নিয়ে।
২০২৫ সালের ১ জুন, জামাইষষ্ঠীর দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। সদ্য ১ বছরে পা দিয়েছে নডি। যদিও বাবা ভালোবেসে ছেলের নাম রেখেছেন ‘জুনিয়র’। তবে মাম্মা পিয়ার দেওয়া ‘নডি’ নামটা বিশেষ জনপ্রিয় নেটমাধ্যমে। আর খুদের ভালো নাম নিষাদ। মা-বাবা নিজেদের সঙ্গীতপ্রেম থেকেই এমন নাম রাখেন ছেলের। ছেলের ১ বছর হতে না হতেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন পরমব্রত। তবে এখন সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে শুধু কাজ আর পরিবারকেই সময় দিচ্ছেন পরম।
বহুদিন আগে বাবা-মা দুজনকেই হারিয়েছেন পরমব্রত। তারপর থেকে একপ্রকার একাই থাকতেন। তবে ২০২৩ সালের ২৭ নভেম্বর দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি ও পিয়াই। তারপর থেকেদুজনের জমিয়ে সংসার। মাঝেমধ্যেই সুখী গৃহকোণের অন্দরমহলের ছবি-ভিডিয়ো ভাগ করে নেন পিয়া সোশ্যাল মিডিয়ায়। ছেলে হওয়ার আগে থেকেই পরমব্রত ও পিয়া তাঁদের সন্তানকে নিয়ে বহু পরিকল্পনা করে রেখেছেন। আর সেইভাবেই ছেলেকে মানুষ করছেন পরম ও পিয়া।