
বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকানো রামায়ণ সিনেমাটি নিয়ে নয়া বিতর্ক। মুম্বইয়ের কয়েকটি হিন্দু সংগঠনের অভিযোগ, মহর্ষি বাল্মিকীর লেখা রামায়ণের মূল গল্প বদলানো হয়েছে। তারা দাবি করেছে, সিনেমায় শ্রীরাম, সীতামাতা ও লক্ষ্মণের চরিত্র যে ভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে বাল্মিকীর লেখার কোনও মিল নেই। অনেক ঘটনাই বদলে ফেলা হয়েছে।
মঙ্গলবার, মুম্বইয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে হিন্দু সংগঠনগুলির প্রতিনিধিরা সিনেমাটির একাধিক দৃশ্য নিয়ে আপত্তি তোলেন। তাদের অভিযোগ, ক্রিয়েটিভ স্বাধীনতার নাম করে রামায়ণের একাধিক ঘটনা বদলে ফেলেছেন নির্মাতারা।
হিন্দু জনগাগৃতি সমিতি হিন্দুদের কাছে এই সিনেমাটি না দেখার অনুরোধ জানিয়েছেন। সমিতির মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের রাজ্য সমন্বয়ক সুনীল ঘনওয়াটের অভিযোগ, এই সিনেমার মাধ্যমে রামায়ণের মূল ভাবনায় আঘাত করা হয়েছে। তিনি ফিল্ম সেন্সর বোর্ডের উপরও প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (CBFC) বা সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ঘনওয়াট। তাঁর অভিযোগ, অন্যান্য ধর্মের মানুষের ভাবাবেগের বিষয়ে সেন্সর বোর্ড যথেষ্ট সতর্ক থাকলেও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগের ক্ষেত্রে সেই সংবেদনশীলতা দেখায় না।
ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে তৈরি সিনেমাকে সার্টিফিকেট দেওয়ার আগে সেন্সর বোর্ডের সদস্যদের সংশ্লিষ্ট ধর্মগ্রন্থগুলি গভীরভাবে পড়া উচিত বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি ছবির দ্বিতীয় পর্বের মুক্তিরও বিরোধিতা করার কথা জানিয়েছেন।
ছবিতে রাবণের চরিত্রায়ণ নিয়েও বিশেষ ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু সংগঠনগুলি। তাদের অভিযোগ, ছবিতে রাবণকে শোষিতদের রক্ষক এবং দরিদ্রদের সোনার বাড়ি দান করা এক শাসক হিসেবে তুলে ধরা হয়েছে। সংগঠনগুলির বক্তব্য, রাবণকে ন্যায়বিচার প্রদানকারী শাসক হিসেবে দেখানো মূল রামায়ণের প্রতিষ্ঠিত কাহিনির থেকে আলাদা। এ ছাড়াও ছবিতে রাবণের হাতে শূর্পণখার স্বামী বিদ্যুৎজীবের হত্যার দৃশ্য নিয়েও আপত্তি তুলেছে তারা।
যে দৃশ্যগুলিতে ভগবান রাম ও লক্ষ্মণকে রাবণের সেনার কাছ থেকে পালাতে দেখা গিয়েছে এবং সীতাকে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে দেখানো হয়েছে, সেগুলি নিয়েও প্রশ্ন তুলেছে হিন্দু সংগঠনগুলি। তাদের দাবি, বাল্মীকি রামায়ণে এই ধরনের ঘটনার কোনও উল্লেখ নেই।
ছবিতে রামায়ণের কাহিনিতে কথিত পরিবর্তন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন সংস্থার মুখপাত্র অভয় বর্তক। তাঁর বক্তব্য, রামায়ণের উপর ভিত্তি করে তৈরি সিনেমায় ঘটনাগুলি মূল ধর্মগ্রন্থে যেভাবে বর্ণিত রয়েছে, সেভাবেই দেখানো উচিত। তাঁর অভিযোগ, ছবিতে একাধিক প্রসঙ্গ পরিবর্তন করা হয়েছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
সব মিলিয়ে ছবিকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। হিন্দু সংগঠনগুলি ছবিটিকে মূল রামায়ণের কাহিনি থেকে বিচ্যুত একটি উপস্থাপনা বলে দাবি করে প্রতিবাদ জানাচ্ছে। এই বিতর্কের বিষয়ে ইন্ডিয়া টুডে/আজতকের তরফে ছবির নির্মাতাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।