
টলিপাড়ার মিষ্টি ও ব্যস্ততম নায়িকা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়িকাকে নিয়ে ট্রোল-কটাক্ষ কম হয় না। এক সময় রাজনীতিতেও নেমেছিলেন শ্রাবন্তী। বিজেপিতে যোগ দিয়েছিলেন নায়িকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু সেই বছর ভোটে গো হারান হেরে যান টলিপাড়ার নায়িকা। পাঁচ বছর কেটে গিয়েছে, শ্রাবন্তী গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। শাসক দলের একাধিক অনুষ্ঠানের মঞ্চে এখন তাঁকে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ করে শ্রাবন্তী কেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন?
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রাবন্তী বলেন, আমি বরাবরই বাংলার মেয়ে আমি, আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, গেরুয়া শিবির থেকে সুযোগ দেওয়া হয়েছিল। তাই আমি সেখানে গিয়েছিলাম, আলাদা করে কারোর ব্যাপারে কোনও নেতিবাচকতা নেই। এরপরই শ্রাবন্তী বলেন যে তিনি বরাবরই তৃণমূলে ছিলেন, মুখ্যমন্ত্রীর একাধিক অনুষ্ঠানে তিনি যোগ দেন। শ্রাবন্তীর আলাদা করে দলে যোগ দেওয়ার কোনও বিষয় নেই। এরপর শ্রাবন্তী বলেন, আমার কাছে দিদি মাতৃতুল্য। তাঁকে আমি সম্মান করি। তাঁর আমন্ত্রণে আমি নানা অনুষ্ঠানে গিয়েছি। আমাকে বলা হয়েছে আমি গিয়েছি, আমি সেখানে সকলের থেকে সম্মান পেয়েছি। ব্যস আর কী।
এরই মাঝে শোনা যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন শ্রাবন্তী। এই বিষয়ে নায়িকা বলেন যে তাঁর কাছেও এ ধরনের গুঞ্জন রয়েছে। তবে নায়িকা জানান যে তিনি আপাতত এই বিষয়ে কিছুই জানেন না। কোনও দল থেকে তাঁর কাছে প্রস্তাব আদৌও এসেছে কিনা, সেই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না। কিছু হলে সঠিক সময়ে মানুষ জানতে পারবেন বলেই জানিয়েছেন শ্রাবন্তী। নায়িকা জানিয়েছেন যে এখন তিনি রাজনীতি নিয়ে কোনও কিছুই মাথায় রাখতে চান না।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির বড় চমক ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যিনি বেহালা পশ্চিমে তারকা প্রার্থী হয়েছিলেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। সেই বছরই শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। এরপর ২০২৪ সালের ২১ জুলাই মঞ্চে হঠাৎই দেখা মেলে শ্রাবন্তীর। তারপর থেকেই নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মানুষ হয়ে ওঠেন। আর ছাব্বিশের বিধানসভার সময় তারকা প্রার্থীর তালিকায় শ্রাবন্তী চমক দিতে চলেছেন কিনা, এখন সেটাই দেখার।