
লাল বেনারসী, সোনার গয়না, কপালে চন্দন, একেবারে নব বধূবেশে হঠাৎ করেই বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। পাত্রও সবার চেনা। স্বস্তিকার চর্চিত প্রেমিক তথা অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একেবারে বাঙালি রীতি-রেওয়াজ মেনেই স্বস্তিকা-অর্ণব বিয়েটা সেরে নিলেন। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা-অর্ণবের বিয়ের ছবি নিমেষে ভাইরাল হয়। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে। তবে প্রশ্ন একটাই সত্যিই কি বিয়েটা সেরে নিলেন স্বস্তিকা-অর্ণব?
সত্যি বিয়ে করলেন স্বস্তিকা-অর্ণব?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিতে স্বস্তিকাকে বাঙালি বধূর সাজে দেখা গিয়েছে। বেনারসী শাড়ি, সোনার গয়না, নাকে বড় নাকছাবি, হাতে শাঁখা-পলা, কপালে চন্দন ও গলায় ফুলের মালা। গাছকৌটো ধরে আছেন স্বস্তিকা। অপরদিকে, অর্ণব পরেছেন লাল রঙের পাঞ্জাবি, গলায় ফুলের মালা। শুভদৃষ্টি ও মালা বদলের মুহূর্তের ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। ক্যাপশনে লেখা, বহু প্রতীক্ষিত একটি দিন। তবে মজার বিষয় হল এই বিয়ে বাস্তবের নয়, পুরোটাই রিল লাইফে হওয়া বিয়ে।
রিলের বিয়ে
আসলে স্বস্তিকাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে স্টার জলসায় 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' সিরিয়ালে। যেখানে বিদ্যার বিয়ে দেখানো হচ্ছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকে বিদ্যা ও রাজঋতের বিয়ের পর্ব চলছে। যেখানে বিদ্যার মেহেন্দি থেকে গায়ে হলুদ দেখানো হয়েছে। এবার বিয়ের পালা। স্বস্তিকার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে এর আগে অভিনেত্রী তাঁর বিয়ের সাজের ছবি পোস্ট করেছেন। সিরিয়ালের শ্যুটিংয়ের কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই বাস্তবে স্বস্তিকা মোটেও বিয়ে করেননি, তবে রিল লাইফে অবশ্যই বিদ্যা বিয়ে করে নিয়েছেন।
স্বস্তিকা-অর্ণবের জুটি
ছোট পর্দার দর্শকদের কাছে তাঁরা প্রিয় জুটি। দাপুটে প্রফেসর বিদ্যা বন্দ্যোপাধ্যায় আর রাজঋতের রসায়ন পর্দায় হিট। জলসার জুটি অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা ঘোষের রসায়ন নিয়ে চর্চা নতুন কিছু নয়। কিছুদিন আগেই অর্ণব ও স্বস্তিকার আদুরে ছবি ঘিরে চর্চা হয় তুঙ্গে। ছবিতে রাজঋত ওরফে অর্ণবের কাঁধে মাথা রেখে চওড়া হাসিতে লেন্সবন্দি হয়েছেন পর্দার বিদ্যা। আর তাঁদের নিয়েই এখন চর্চা তুঙ্গে। স্বস্তিকা এর আগে ‘কী করে তোকে বলব’র মাধ্যমে জনপ্রিয়তা পেলেও, অর্ণবের সঙ্গে তাঁর এই নতুন জার্নি বেশ নজরকাড়া। তারই মাঝে তাঁদের সম্পর্কের গুঞ্জনও নিজেরাও বেশ উপভোগ করছেন।