Advertisement

Arijit Singh: ফের প্লেব্যাকে ফিরতে পারেন অরিজিত্‍? এক্স পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা

চলতি বছরের শুরুতেই গায়ক অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন। অর্থাৎ তিনি সিনেমার জন্য কোনও গান গাইবেন না। তাঁর এই আকস্মিক ঘোষণায় হঠাৎ করেই গায়কের ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।

অরিজিৎ সিংঅরিজিৎ সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2026,
  • अपडेटेड 10:04 AM IST
  • চলতি বছরের শুরুতেই গায়ক অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন।

চলতি বছরের শুরুতেই গায়ক অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন। অর্থাৎ তিনি সিনেমার জন্য কোনও গান গাইবেন না। তাঁর এই আকস্মিক ঘোষণায় হঠাৎ করেই গায়কের ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। বাংলা-হিন্দি সহ একাধিক ভাষাতে অরিজিতের হিট গানের সংখ্যা গুনে শেষ করা যাবে না। তবে একদিকে যেমন অরিজিতের এই প্লেব্যাক ছাড়া নিয়ে ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে আবার কেউ কেউ গায়ককে ট্রোলড করতেও ছাড়ছেন না। এবার এই নিয়ে মুখ খুললেন অরিজিৎ। 

মঙ্গলবার অরিজিৎ তাঁর এক্স হ্যান্ডেলে (ভেরিফায়েড) একটি পোস্ট করেন ট্রোলারদের উদ্দেশ্যে। যেখানে তিনি তাঁর অনুরাগীদের শান্ত থাকতে বলেছেন। অরিজিৎ লেখেন, 'আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট। যদি আপনি আমার শ্রোতা না হন তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই, আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একইসঙ্গে আমি এটাও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলি সম্পূর্ণ করব। যে গুলির প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ।'  

এই পোস্টে অরিজিৎ এও বলেন, 'আমি নতুন প্রজেক্ট নেওয়া বন্ধ করেছি আগেই। কিন্তু সেই গানের তালিকাও যে খুব ছোট নয় তা তোমরা জানো। তাই যারা আমাকে নানা কটাক্ষ বাণে বিদ্ধ করছে তাঁদের বলতে দাও। তাঁদের কোনও ব্যাখ্যা তোমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনও প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। শান্ত থাক। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না।'

অরিজিতের ভক্তরা তাঁকে এতটাই ভালোবাসেন যে গায়কের প্লেব্যাক ছাড়ার পরও তাঁরা পাশ থেকে সরেননি।  মনখারাপ থেকে মনভাঙা, মধ্যরাতে ভাঙা হৃদয়ের প্রলেপ সবেতেই উপশম হিসেবে কাজ করেছে অরিজিতের গান। অরিজিতের এই অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার কোটি কোটি অনুরাগী থেকে শুরু করে খোদ বলিউড তারকারাও। সম্প্রতি সুপারস্টার আমির খান মুর্শিদাবাদে অরিজিতের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সম্প্রতি আমির খানের একটি ছবির গানও মুক্তি পেয়েছে। তারপর থেকেই শোনা যাচ্ছিল যে হয়তো অরিজিৎ ফের প্লেব্যাক করবেন। কিন্তু এগুলো তাঁর কথা দেওয়া আগের প্রজেক্ট। অরিজিৎ এক এক করে তা শেষ করছেন। তিনি পোস্টেই স্পষ্ট করেছেন যে নতুন করে তিনি আর কোনও সিনেমায় গান গাওয়ার কাজ নেবেন না। 

Advertisement

এক দশকেরও বেশি সময়ের সঙ্গীতযাত্রায় অরিজিৎ প্রথম নজরে আসেন রিয়্যালিটি শো ফেম গুরুকুল-এ। বলিউডে আত্মপ্রকাশ করেন ‘ফির মহব্বত’ গান দিয়ে মার্ডার ২ ছবিতে।তবে জাতীয় স্তরে আলোড়ন তোলেন ‘তুম হি হো’ গান দিয়ে আশিকি ২ ছবিতে,  যা হয়ে ওঠে সময়ের অন্যতম জনপ্রিয় প্রেমের গান। এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন অরিজিৎ - ‘চান্না মেরেয়া’, ‘আগর তুম সাথ হো’, ‘রবতা’, ‘কেশরিয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘তেরা ইয়ার হুঁ ম্যাঁয়’, ‘তুঝে কিতনা চাহনে লাগা’ সহ আরও বহু স্মরণীয় ট্র্যাক। হয়তো প্লেব্যাকের মঞ্চ থেকে তাঁর এই সরে দাঁড়ানো, আসলে নতুন অধ্যায়েরই সূচনা। 

Read more!
Advertisement
Advertisement