
দেবের হাত ধরেই বাংলা ছবিতে ডেবিউ করেছিলেন ছোটপর্দার চেনা মুখ ইধিকা পাল। খাদান ছবিতে ইধিকা-দেবের কেমিস্ট্রি পর্দায়আগুন ধরিয়ে দেয়। এরপর রঘু ডাকাত, প্রজাপতি ২-তেও দেখা মেলে ইধিকার। দেব-ইধিকাকে নিয়ে কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রিতে। যা নিয়ে নাকি একসময় রুক্মিণীও গোঁসা করেছিলেন। তবে সেইসব অতীত। যদিও দেব এখন মজে শুভশ্রীতে, সেটা যদিও পর্দার খাতিরে। তাহলে কি ইধিকা আউট? না, না একেবারেই নয়। দেবের লাকি চার্ম ফিরছে দেশু৭-এ।
দেশু৭ নিয়ে বড় চমক শোনা যাচ্ছে। এই ছবিতে আইটেম গার্ল হয়ে ধরা দেবেন ইধিকা। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ‘দেশু ৭’এও নাকি থাকছেন গ্ল্যামারাস ইধিকা পাল। এবার আইটেম ডান্সে কোমর দোলাবেন। সঙ্গে থাকছেন বাংলার দুই সুপারস্টার দেব ও অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই গঙ্গাবক্ষে শ্যুটিং হয়ে গিয়েছে। যদিও এই নিয়ে দেব বা ইধিকা কেউই মুখ খোলেননি। কিন্তু, ওই যে যে কোনও প্রান্তে যে কোনও সময় তারকাদের গোপন তথ্য ফাঁস হয়ে যায়। সেরকমই এই খবরও পাঁচকান হতে সময় নেয়নি।
২০২৪-এ ‘খাদান’-এ প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধেন ছোট পর্দার ‘রিমলি’ ওরফে ইধিকা পাল। এই ছবির ‘কিশোরী’ গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সঙ্গে দেব ও ইধিকার জুটি। এরপর রঘু ডাকাত-এও দেব-ইধিকার মাখো মাখো প্রেম পারদ চড়িয়েছিল। প্রজাপতি ২-তেও দেবের বিপরীতে ছিলেন ইধিকা। এবছর পুজোর বক্সঅফিস দখল করতে ‘দেশু’ একেবারে কোমর বেঁধে নামছে তা বলার অপেক্ষাই রাখছে না। দেব-শুভশ্রীর সাত নম্বর ছবি দেখতে চাতক পাখির দশা অনুরাগীদের। আর সেই উত্তেজনা উসকে দিল ইধিকার আইটেম ডান্সের ফিসফাস, তা বলাই বাহুল্য।
এমনিতেই ইধিকার ভাগ্য এখন সপ্তম সুরে। একের পর এক ছবিতে কাজ করছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির নায়িকা ইধিকা। পরিচালকের হাত ধরে শিখছেন অনেক কিছু। চরিত্রের খাতিরে তিনি নিয়মিত ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন। খুব শীঘ্রই শ্যুটিং শুরু করবেন ছোটপর্দার রিমলি। ওদিকে ওপার বাংলা সূত্রে খবর, শাকিব খানের আগামী ছবিতেও দেখা মিলবে ইধিকার। প্রিয়তমা ছবিতে শাকিব-ইধিকা জুটি নজর কেড়েছিল। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের 'বরবাদ' ভালো সাড়া ফেলেছিল বক্স অফিসে। এই পরিচালক-অভিনেতা জুটির নতুন ছবিতেই নাকি নায়িকা হবেন ইধিকা।