
রবিবার মানেই বিগ বস বাংলার ঘরে এলিমিনেশন হওয়ার দিন। এই দিনটি ঘিরে সকলেরই টেনশন থাকে তুঙ্গে। কে শেষপর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, তার জন্যই একে-অপরের সঙ্গে লড়াই। রবিবার অর্থাৎ আজকেও সেই দিন, যেখানে বাড়ির এক সদস্যকে বিগ বস-এর খেলা শেষ করে বাড়ি ফিরে যেতে হবে। আর শোনা যাচ্ছে, এবার নাকি বাড়ি থেকে বেরিয়ে যাবেন সোনামণি সাহা। তনুশ্রী ও রাজবীরের সঙ্গে শেষপর্যন্ত আর পেরে উঠতে পারবেন না তিনি। এই দুইজনের তুলনায় অনেকটাই কম ভোট পেয়ে বিগ বস বাড়ি ছাড়বেন সোনামণি। যদিও জনপ্রিয়তার নিরিখে রাজবীর ও তনুশ্রীর তুলনায় সোনামণি অনেকটাই এগিয়ে। অর্থাৎ দর্শকদের বিপুল সমর্থন পেয়ে বিগ বস-এ এই সপ্তাহের জন্য টিকে গেলেন রাজবীর-তনুশ্রী।
যদিও চূড়ান্ত ফলের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কিছুটা সংশয় থাকছেই। তবে সোনামণির সোশ্যাল মিডিয়া সাইটে কয়েক ঘণ্টা আগে করা একটি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। সোনামণির সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে, 'যেটা হবার, সেটা হবেই'। তাহলে কি সত্যি বিগ বস হাউস ছাড়লেন সোনামণি? এই সপ্তাহে নমিনেটেড হয়েছিলেন তনুশ্রী, রাজবীর ও সোনামণি। বিগ বস-এর প্রথম দিন থেকেই সোনামণি তাঁর নিজস্ব ব্যক্তিত্বের জোরে প্রায় ৭০-৭২ দিন বাড়িতে থেকেছেন। কখনও প্রতিবাদ করেছেন আবার কখনও বা দুষ্টুমি, আবার কখনও বা কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর মিষ্টি হাসি আর রান্নার ম্যাজিকে মজে ছিলেন ঘরের বাকি সদস্যরা। প্রথমদিকে সৃজলার সঙ্গে তাঁর বন্ধুত্ব দেখা গেলেও তা পরে তিক্ত সম্পর্কে পরিণত হয়েছে। এই সপ্তাহে বিগ বস-এর নমিনেশন ছিল একেবারে অন্য়রকম। নিজেদের পছন্দের জিনিস বিসর্জন দিয়ে সহপ্রতিযোগীকে বাঁচানোর সুযোগ দেওয়া হয়েছিল।
জিতুকে বাঁচাতে নিজের চুল কেটে ফেলেছিলেন সৃজলা। অন্যদিকে, রণিতাকে নমিনেশনের হাত থেকে রক্ষা করতে বাড়ি থেকে পাঠানো নিরঞ্জনের প্রিয় স্ক্র্যাপবুকটি নষ্ট করতে হয়েছিল তাঁকে। কিন্তু তনুশ্রীকে বাঁচানোর প্রশ্নে পিছিয়ে যান সোনামণি। ভাঙা হাতের সমস্যার কথা জানিয়ে ডিপস দিতে রাজি হননি তিনি। অন্যদিকে, তনুশ্রীও রাজবীরকে বাঁচানোর জন্য নিজের সুযোগ কাজে লাগাননি। আর রাজবীরের সিদ্ধান্তে নমিনেশনের তালিকায় জায়গা হয় সোনামণির। নমিনেট হওয়ার পর সোনামণিকে কাঁদতে দেখা গিয়েছিল। হয়তো তিনি নিজেও বুঝতে পেরেছিলেন যে এই সপ্তাহেই তিনি বেরিয়ে যেতে পারেন।
এর আগেও একাধিকবার নমিনেটেড হয়েও বেঁচে গিয়েছিলেন সোনামণি। দর্শকদের একাংশ অবশ্য প্রশ্ন তুলেছিলেন যে সোনামণিকে অযথা কিছু সুবিধা দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগের কোনও প্রমাণ নেই। সোনামণির শান্ত স্বভাব, পরিচিতি ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগ বস-এর খেলায় নিজের জমি শক্ত করতে পারেননি তিনি। ফলে ব্যক্তিগত জনপ্রিয়তাকে রিয়্যালিটি শোয়ের খেলায় কাজে লাগানো যে সহজ নয়, সোনামণির সফর যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল। রবিবার রাতে দাদার ঘোষণার পরই বোঝা যাবে বিগ বস থেকে আদৌও সোনামণির বিদায় হল কিনা।