
ইন্ডাস্ট্রিতে একে-অপরের প্রতিদ্বন্দ্বী জিৎ ও দেব। দুজনেই টলিপাড়ায় পরিচিত সুপারস্টার বলেই। একসঙ্গে দুই পৃথিবী করলেও তারপর থেকেই এই দুই হিরোর পথ আলাদা হয়ে যায়। অবেকদিন পর বড়পর্দায় ফিরছেন জিৎ। আগামী ১৪ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' সিনেমাটি। এই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' সিনেমাটি। কিন্তু শেষ মুহূর্তে এসে এই ছবিটির মুক্তি দেব আচমকাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। হয়তো অনেকেই ভেবেছিলে জিৎ-দেব মুখোমুখি যাতে না হয়, সেই কারণেই দেব তাঁর ছবি পিছিয়ে দিয়েছেন। তবে এবার এই দায় নিজের ঘাড় থেকে ঝেরে ফেলে আসল সত্যি জানালেন জিৎ।
'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে এক সংবাদমাধ্যমে জিৎ বলেন, 'কেন দেবের ছবিটা শিফট হল, তা হয়তো দেব জানে বা দেব আর নন্দী মুভিজের মধ্যে কথা হয়েছে। আমার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।' আমার সঙ্গে এই নিয়ে দেবের বা কারও কোনও কথা হয়নি।' জিৎ আরও বলেন, 'কীভাবে কেন এটা পিছিয়ে গেল, এই নিয়ে আমার কাছে অন্তত কোনও জবাব নেই। আমি এটার কোনও ভাগ ছিলাম না।' ২০১০ সালে রাজ চক্রবর্তীর 'দুই পৃথিবী' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দেব-জিৎ।
ছবির প্রচার কৌশলে যে সবার চেয়ে এগিয়ে দেব, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 'খাদান', 'রঘু ডাকাত', 'প্রজাপতি ২', 'প্রধান' সহ একাধিক ছবিতে দেব ও টিমের প্রচার কৌশল যে দারুণভাবে ফল দেখিয়েছে, তা বক্স অফিসই বলে দিচ্ছে। বছরের শুরু থেকেই দেব তাঁর আগামী ছবি দেশু৭ নিয়েও প্রচার শুরু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা পুজোর সময় মুক্তি পাবে এই ছবি কিন্তু তার আগেই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দেবের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে জিৎ বলেন, যে কোনও মানুষের ভাল জিনিস থেকে শেখার জিনিস থাকে। দেবের মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রমোশন যেগুলো আছে, সেখানে ওর স্ট্যান্ড আছে। সেগুলো নিয়ে দেব সব সময় অ্যাগ্রেসিভ থাকে। জিৎ আরও বলেন, তবে আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে দরকার নেই আমায় সব জায়গায় নিজে নিজে গিয়ে আমাকে প্রমোশন করতে হবে।
জুলাই মাসের শুরুতে দেব ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন, ‘সব যাত্রা-র একটা নিজস্ব সঠিক সময় থাকে। বাইক অ্য়াম্বুল্যান্স দাদা যাতে আপনাদের কাছে একদম সঠিকভাবে পৌঁছতে পারে, তাই আমরা এর মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ সঙ্গে আশ্বাস দেওয়া হয় যে খুব শীঘ্রই ছবিটি বড়পর্দায় আসবে। তবে কবে বা কোনদিন তা জানানো হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, জিৎ-কে জায়গা করে দিতেই দেব তাঁর ছবি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকে এটাও বলছেন যে জিৎ-দেবের ছবি একসঙ্গে এলে দর্শক ভাগাভাগি হয়ে যাবে, সেটা দেব চাইছেন না। তাই এখন আপাতত জিৎ-এর প্রধান প্রতিপক্ষ হতে চলেছে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’।