
প্রায় দু'বছরের খরা কাটিয়ে বড়পর্দায় ফিরেছেন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিৎ। ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে জিতের বহু প্রতীক্ষিত সিনেমা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। এই ছবির মুক্তি নিয়ে জটিলতা থাকলেও অবশেষে স্বাধীনতা দিবসের আগেই সুপারস্টারের এই ছবিটি মুক্তি পেল। প্রচারে সেভাবে চমক না থাকলেও পরিচালক পথিকৃৎ বসুর এই ছবির টিজার ও ট্রেলারের পরতে পরতে যে চমক অপেক্ষা করছিল, যা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বিপ্লবী অনন্ত সিং-এর জীবন নির্ভর এই বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-ড্রামাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সমালোচক-দর্শকদের কাছে সফল সুপারস্টার জিৎ।
বক্স অফিস রিপোর্ট
sacnilk.com- এর রিপোর্ট অনুযায়ী, ১৪ অগাস্ট এই ছবি মুক্তি পাওয়ার পর প্রথমদিনে আয় করেছে ১৮ লক্ষ টাকা। এরপর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন এই ছবির আয় বাড়ে দ্বিগুণ। ছুটির দিন থাকায় 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটি এদিন বক্স অফিসে আয় করেছে প্রায় ৪১ লক্ষ। অর্থাৎ মোট দু'দিনে এই ছবি আয় করে ফেলেছে ৫৯ লক্ষ টাকা। আজ রবিবারও ছুটির দিন, এদিন কেমন ফল করে জিতের ছবি সেটাই দেখার। তবে এই আয় জিৎ ও তাঁর গোটা টিমের কাছে বিরাট প্রাপ্তি বলেই মনে হচ্ছে।
জিতের অন্যান্য ছবির রেকর্ডকে ভেঙেছে
করোনা-পরবর্তী বা পোস্ট-প্যান্ডেমিক সময়ে জিতের একক বাংলা রিলিজগুলোর (যেমন 'মানুষ' বা 'রাবণ') ব্যবসাকে অনায়াসেই টপকে গেছে ছবিটি। সমালোচকদের মতে, দু বছর পর পর্দায় ফিরে জিতের এই ছবি যেভাবে ব্যবসা করছে, তাতে অচিরেই অভিনেতার সব ছবির বক্স অফিস রেকর্ড ভেঙে দিতেই পারে। প্রসঙ্গত, ১৪ অগাস্ট জিতের এই ছবিটি ছাড়া আর কোনও বাংলা ছবি মুক্তি পায়নি। দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ১৪ অগাস্টে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা অজ্ঞাত কারণে পিছিয়ে দেওয়া হয়। তাই জিতের সঙ্গে ময়দানে ছিল সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। দুটোই দেশভক্তিমূলক ছবি।
জিতের কেরিয়ারের সেরা ছবি
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটি নিঃসন্দেহে এখনও পর্যন্ত জিতের কেরিয়ারের সেরা পারফরম্যান্স। বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে জিৎ অনবদ্য অভিনয় করেছেন। এই ছবিতে পরিচালক জিৎ-এর আলাদা আলাদা ৯ টি লুকসকে দেখিয়েছেন। এছাড়াও সুপারস্টারের অ্যাকশন অবতারেও মুগ্ধ দর্শক। জিৎ ছাড়াও ছবিতে অসাধারণ অভিনয় করেছে ইনস্পেক্টর দুর্গা রায় তথা টোটা রায়চৌধুরী। এছাড়াও ছবিতে অত্যন্ত জোরালো ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন এবং রজতাভ দত্ত। ছবিটি আগামী কয়েকদিনে বক্স অফিসে ঝড় তুলবে বলেই আশা করা যাচ্ছে।