
রাজবীর-নন্দিনীর পর বিগ বস বাংলায় ফের অকাল বসন্ত। জিতু কমল ও সৃজলা গুহর প্রেমচর্চা একেবারে তুঙ্গে। তাঁদের মান-অভিমান, গভীর রাত পর্যন্ত একে-অপরের সঙ্গে কথা বলা, চোখের চাহনি বলে দিচ্ছিল যে জিতু ও সৃজলার মধ্যে কিছু একটা ঘটতে চলেছে। আর শুক্রবারের পর্বে জিতু আকাশ-বাতাসকে সাক্ষী রেখে সৃজলাকে বলেই দিলেন, 'আমি তোমাকে ভালোবাসি'। আর অভিনেতার এই মনের কথা অনস্ক্রিন সামনে আসতেই দোটানায় পড়ে যান সৃজলা। কী উত্তর দিলেন 'মন ফাগুন' অভিনেত্রী?
'বিগ বস' বাংলায় রাজবীর-নন্দিনীর টিনেজ প্রেম দেখার পর জিতু ও সৃজলার পরিণত প্রেম দেখতে দর্শকরা উৎসুক ছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁদের মধ্যেকার সমীকরণ অনেকটাই বদলে গিয়েছিল।মনেই হচ্ছিল যে জিতু ও সৃজলার মধ্যে কিছু হতে চলেছে। এমনিতেই মাঝে মধ্যে সৃজলাকে বলতে শোনা গিয়েছিল যে কাকে ভালোবেসে ফেললে জিতু আবার কখনও বা চাইনি ভালোবেসে ফেলো। আর এইসব মন্তব্য যে জিতুর উদ্দেশ্যেই ছিল তা বলাই বাহুল্য। শুক্রবারের পর্বে দেখা গেল, হাত দিয়ে মাইক চেপে সৃজলাকে অভিনব কায়দায় প্রেমপ্রস্তাব দেন জিতু। অভিনেতা বলেন, লেন, “এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।”
জিতুর মনের কথা সামনে আসতেই সৃজলা ঘাবড়ে যান। অন ক্যামেরা বেশ অস্বস্তিতেই পড়ে যান সৃজলা। তবে পরিষ্কার করে কিছু না বললেও এদিন বারবার সৃজলাকে বলতে শোনা যায় "এটা করো না জিতু।" কিন্তু তারপরেও জিতু এদিন বলেন এই কথা তিনি বারবার বলবেন চিৎকার করে বলবেন। এমনকি 'বিগ বস'-এর বাড়ি থেকে বেরিয়ে বাইরে গিয়েও বলবেন। তবে জিতুর প্রস্তাবে সৃজলা সাড়া দিলেন কিনা সেটা স্পষ্ট হয়নি। কারণ সৃজলা ইশারায় জিতুকে কী বললেন তা বোঝা যায়নি। তবে কিছু একটা ঘটতে চলেছে তাঁদের মধ্যে এটা একেবারে পরিষ্কার।
প্রসঙ্গত, জিতুর সঙ্গে নবনীতার ডিভোর্স হওয়ার পর অভিনেতা সিঙ্গলই ছিলেন। নবনীতার সঙ্গে চার বছরের বিবাহিত জীবনের ইতি ঘটান অভিনেতা। যদিও প্রাক্তনের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে। জিতু ও সৃজলার এই প্রেমচর্চা নিয়ে নবনীতা জানিয়েছেন যে তিনি সাম্প্রতিককালে বিগ বস দেখার সুযোগ পাননি। তাই এই ঘরে কী ঘটছে, তা তাঁর জানা নেই। কারণ এখন নবনীতা তাঁর বাড়ির ইন্টিরিয়ার ও রিনোভেশনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন।