
লাস্ট ল্যাপে বিগ বস বাংলা। ট্রফি জিততে সকলেই চেষ্টা করছেন শেষ কামড়টা দিতে। প্রতিটি টাস্কেই হাড্ডাহাড্ডি লড়াই করছেন হাউসমেটরা। লেটেস্ট এপিসোডে সৌরভ দাসকে রিকশা থেকে থেকে ধাক্কা মেরে ফেলে দেন জিতু কামাল। আঘাতও লাগে তাঁর। যা দেখে ফুঁসে উঠেছেন অধিকাংশ দর্শকই। শিব ঠাকুরের দিব্যি কেটে জিতু এ হেন কাজ করেছেন দেখে ক্ষুব্ধ সৌরভের পরিবারের লোকজনও। আর এদিকে জিতু ট্রোলের শিকার হতেই তাঁর PR টিম শ্রীকৃষ্ণের বাণী উল্লেখ করে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে।
ঠিক কী ঘটেছিল বিগ বস হাউসে?
'টিকিট টু ফিনালে' টাস্কের শেষ পর্যায়ে মুখোমুখি হয়েছিলেন জিতু কামাল ও সৌরভ দাস। দু'জনকে একটি রিকশায় বসে থাকতে হয়েছিল। নিয়ম ছিল, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রিকশা থেকে নামা চলবে না। অন্য প্রতিযোগীরাও নানা ভাবে তাঁদের বিরক্ত করার চেষ্টা করছিলেন। কখনও গায়ে ফোম মাখানো, কখনও বরফ জল ঢেলে দেওয়া। যদিও ধাক্কাধাক্কি বা টানাটানি করে তাঁদের নামানো যাবে না, এ কথা সাফ উল্লেখ করেছিলেন বিগ বস। তবে প্রায় ঘণ্টা চারেক রিকশায় ঠায় বসে থাকার পর একটা সময়ে জিতু সৌরভকে ধাক্কা মেরে রিকশা থেকে ঠেলে ফেলে দেন। আঘাত পান সৌরভ।
মাঝে অবশ্য জিতু শিবের দিব্যি কেটে সৌরভকে জানিয়েছিলেন, তিনি রিকশা থেকে এমনিই নেমে যাবেন। তাঁকে বিশ্বাস করে ঠকেছেন বলে আক্ষেপও করতে শোনা যায় সৌরভকে।
ফুঁসে উঠল সৌরভের পরিবার
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় স্বামীর পাশে দাঁড়িয়ে অভিনেত্রী দর্শনা বনিক বলেন, ''যে উপায়ে সৌরভকে টাস্ক থেকে সরানো হয়েছে, তা অনৈতিক এবং ভয়ঙ্কর। সৌরভ বরাবরই সৎ উপায়ে জিততে চায়, কাউকে আঘাত করে জয় ছিনিয়ে নেওয়া তাঁর স্বভাব নয়।' সৌরভের মা-কে দেখা গিয়েছে, জিতুকে 'খনি' বলেও উল্লেখ করতে। ঠিক একই ভাবে মনামীকে ঘোড়া থেকে টেনে হিঁচড়ে ফেলে দেওয়ার টাস্ক দেখে অভিনেত্রীর মা-ও জিতুকে একই তকমা দিয়েছিলেন।
দিতিপ্রিয়া, নবনিতার প্রতিক্রিয়া
যখন নেটদুনিয়ায় সমালোচনার ঝড়, তখন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বলেছেন, ‘একটা সাধারণ প্রশ্ন আমার। আমি যদি কোনও অপরাধ করে ‘সরি’ বলি তা হলে আমাকে ছেড়ে দেওয়া হবে তো? বিচারকের সামনে গিয়ে সরি বলতে হবে তো?’ একটি ধারাবাহিকের শুটিংয়ের সময়ে জিতুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন এই অভিনেত্রী।
আবার প্রাক্তন স্ত্রী নবনীতা বলেন, 'ভণ্ডামির একটা লিমিট থাকে।'
শিবের পর এ বার কৃষ্ণ
'Everything is fair in love and war'। এ কথাই পোস্ট করা হয়েছে জিতুর ফেসবুক পেজ থেকে। চারিদিকে যখন হেট কমেন্ট, ট্রোলের বন্যা তখন জিতুর হয়ে ড্যামেজ কন্ট্রোল করতে তাঁর PR টিম লিখেছে, 'মহাভারতের কুরুক্ষেত্র থেকে বিগ বসের রণক্ষেত্র, কৌশল ছাড়া কোনও যুদ্ধই যেতা যায় না। ধর্মযুদ্ধ জেতার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণকেও কৌশল ও ছলের আশ্রয় নিতে হয়েছিল। আর বিগ বস তো একটি সারভাইভাল গেম।' এ ছাড়াও লেখা হয়, 'সিজনের শুরু থেকে জিতুর শরীরে কম আঘাত লাগেনি, তবু সে কখনও ভিক্টিম কার্ড খেলেনি। আজ তাঁকে ভিলেন বানানো স্রেফ দ্বিচারিতা।'
এ দিকে, সোশ্যাল মিডিয়া জুড়ে দর্শকদের অভিযোগ, চ্যানেল কর্মকর্তারা জিতুতে জেতাতেই রুল চেঞ্জ করছেন।
বাকি হাউসমেটরা তাঁকে বিপক্ষে থাকলেও একমাত্র সৃজলা সমর্থন করেছেন জিতুকে। সে ক্ষেত্রে দর্শকদের একাংশের প্রশ্ন, জিতুর সৌরভকে ঠেলে ফেলে দেওয়া গেম স্ট্র্যাটেজি হলে তাঁকে ঘোড়া থেকে ফেলা দেওয়ার কারণে নন্দিনীকে কেন কাঠগড়ায় তুলেছিলেন সৃজলা?