
তাঁর কাজের পরিধি বেড়েছে। জনপ্রিয়তাও বেড়েছে। টলিউড থেকে বলিউড আবার দক্ষিণী ছবিতেও দাপটের সঙ্গে কাজ করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। তাঁর অভিনয় বরাবরই নজর কেড়েছে দর্শকদের। পেশা জীবন যতটা সাফল্যে ভরা ঠিক ততটা সফলতা নেই যিশুর ব্যক্তিগত জীবনে। স্ত্রী নীলাঞ্জনা শর্মা ও দুই মেয়ে সারা ও জারার থেকে আলাদাই থাকেন যিশু। নীলাঞ্জনার সঙ্গে দীর্ঘ দাম্পত্যে অনেকদিন আগেই ইতি পড়েছে। দুই মেয়ের সঙ্গেও দুরত্ব এসেছে। ১৫ মার্চ যিশু তাঁর জন্মদিনটা পরিবার ছাড়াই কাটালেন। একেবারে ঘরোয়াভাবে পালন করলেন নিজের জন্মদিন।
যিশু বরাবরই ঘরোয়া আড্ডা দিতেই ভালোবাসেন। একাধিকবার যিশু-নীলাঞ্জনার বাড়িতে বসেছিল তারকাদের ঘরোয়া আড্ডা। কিন্তু এখন যিশু নীলাঞ্জনার সঙ্গে সেই বাড়িতে থাকেন না। আস্তানা বদলে নিয়েছেন। অভিনেতা এখন তাঁর দিদি রাই সেনগুপ্তর সঙ্গে থাকেন। অভিনেতার এই বিশেষ দিনে পরিবার বলতে ছিল শুধুই তাঁর দিদি এবং তাঁর কিছু কাছের বন্ধুরা। যাঁরা সব পরিস্থিতিতেই যিশুর পাশে থেকেছেন।
সৌরভ দাস, দর্শনা বণিক, সেলেব ফটোগ্রাফার তথাগত ঘোষ ও তাঁর স্ত্রী। দেখা মিলল ইন্দ্রাশিস রায়, প্রান্তিক-সহ টলিপাড়ার চেনা মুখদের। যিশু তাঁর এই বিশেষ দিনে সকলের সঙ্গে সেলফি তুলতে ভুললেন না। অভিনেতার দিদির বাড়ির ছাদেই খানা-পিনা, গান-বাজনা সহ জমে উঠেছিল ঘরোয়া আড্ডা। বাদ গেল না কেক কাটাও। ৪৯ বছরে পা দিলেন যিশু। দুই মেয়েকে ছাড়া যিশু তাঁর জন্মদিন পালন করলেন। ২০২৪ সাল থেকেই যিশু-নীলাঞ্জনার দাম্পত্যে চিড় ধরে। যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউই কোনওদিন মুখ খোলেননি।
এতদিন যিশুর প্রোডাকশন হাউস সামলেছেন নীলাঞ্জনা। কিন্তু মাঝপথেই যিশু উজ্জ্বল প্রোডাকশন ছেড়ে বেরিয়ে যান নীলাঞ্জনা, খোলেন নিনি-চিনি'স মাম্মাস প্রোডাকশন। এরপরই নয়া ইনিংস যিশুর। সৌরভের সঙ্গে যৌথ প্রযোজনা সংস্থা খুলেছেন অভিনেতা। তাঁদের প্রযোজিত ছবি অভিমান-এর শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে ভূত বাংলো ছবিতেও দেখা মিলবে যিশুর। মুক্তি পাবে ১০ এপ্রিল।