
টিনসেল টাউনে ভীষণভাবে চর্চিত কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের প্রেম থেকে বিয়ে সবটা নিয়েই চর্চা ছিল তুঙ্গে। ২০২৪ সালে বিয়ের পর পরই তাঁদের জীবনে আসে ছোট্ট কৃষভি। তবে মেয়ে আসার পর তারকা দম্পতির প্রেম একেবারে কমেনি। মেয়েকে সময় দেওয়ার পাশাপাশি নিজেদেরকেও সময় দিতে ভোলেন না কাঞ্চন ও শ্রীময়ী। দেখতে দেখতে প্রায় ২ বছর হতে চলেছে কৃষভির। আর শ্রীময়ীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ও ছবি দেখেই বোঝা যায় কাঞ্চন-কন্যা বেশ দুষ্টু। গোটা বাড়িতে চলে তার দুষ্টুমি। আর সেই দুষ্টুমির ফলে মাথায় চোট পেল একরত্তি।
কৃষভিকে নিয়ে প্রায়ই ভিডিও পোস্ট করেন শ্রীময়ী। তার নানান কীর্তি কলাপ নেট দুনিয়ায় তুলে ধরেন অভিনেত্রী মা। কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে কপাল ফেটেছিল কৃষভির। জানিয়েছিলেন অভিনেত্রী। ছোট্ট খুদে এখন কেমন আছে? সেই খবরই এবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন কাঞ্চন পত্নী। মেয়ে কৃষভিকে নিয়েই ছোট্ট ভিডিও পোস্ট করেন শ্রীময়ী। যেখানে তিনি জানান যে কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছে মেয়ে। কপাল ফেটে গিয়েছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছিল কাঞ্চন-কন্যা।
তবে এর আগেও ঠোঁটে চোট পেয়েছিল কৃষভি, তার আগে গলাতেও আঘাত পায় কাঞ্চনের আদুরে মেয়ে। অর্থাৎ কৃষভির দুষ্টুমি বেড়েছে বই কমেনি। মায়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে কৃষভিও কপালে গলায় হাত দিয়ে সকলকে বোঝায়, তার কোথায় লেগেছে। সঙ্গে উপহার দেয় তার ভুবন ভোলানো হাসি। এরই সঙ্গে শ্রীময়ী জানান যে তাঁর মেয়ে খাওয়া-দাওয়া একেবারেই করে না, যার কারণে চেহারাও খারাপ হয়েছে তার। মা-মেয়ের এই ভিডিওতে নেটিজেনরা কৃষভিকে সাবধানে রাখতে বলেছেন আবার কেউ কেউ ছোট্ট কৃষভিকে নিয়ে বেশ চিন্তিত।
২০২৪ সালের মার্চে সামাজিক বিয়ের পর দোলের সময়ই শ্রীময়ী প্রেগন্যান্ট হয়ে পড়েন। যদিও অভিনেত্রী তাঁর পুরো প্রেগন্যান্সি সফরকে গোপনেই রেখেছিলেন। কেউ কিছুই বুঝতে পারেননি। নভেম্বরে কালীপুজোর পরের দিন কৃষভির জন্ম হয়। তারপরই সবাই জানতে পারেন এই বড় খবর। কৃষভির জন্মের পরও তাকে আড়ালেই রেখেছিল কাঞ্চন ও শ্রীময়ী। গত বছর একরত্তির মুখে ভাতের দিন সকলের সামনে নিয়ে আসা হয় কৃষভিকে। এরই মাঝে শোনা গিয়েছিল, দ্বিতীয়বার মা হচ্ছেন নাকি শ্রীময়ী। যদিও এটা যে নিছকই গুজব, তা স্পষ্ট জানিয়ে দেন অভিনেত্রী। প্রসঙ্গত, শ্রীময়ী সর্বশেষ অভিনয় করেছিলেন ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে। অন্যদিকে কাঞ্চন এখন ছোট পর্দা, বড় পর্দা নিয়ে ভীষণ ব্যস্ত। তবে যতই ব্যস্ততা থাকুক না কেন, কাজের ফাঁকে দুজনেই চেষ্টা করেন মেয়েকে সম্পূর্ণ সময় দিতে।