
শুটিং করতে গিয়েছিলেন নেপালে। তারপরই ঘটে যায় ভয়ঙ্কর হড়পা বান। আর এই বিপর্যেয়র জেরে সেখানেই আটকে পড়েন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়েছিল খবর প্রকাশ্যে আসামাত্রই। অবশেষে শুক্রবার কলকাতার ফিরলেন তাঁরা। বিমানবন্দরে নেমে কী জানালেন খরাজ?
বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ি ফেরার আগেই সকলকে আশ্বস্ত করলেন খরাজ মুখোপাধ্যায়। অভিনেতা একটি ভিডিও বার্তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। জানান, স্ত্রী প্রতিভাকে নিয়ে এদিনই ফিরেছেন কলকাতায়।
জানা গিয়েছে, তিনি 'শিকার' ছবির শুটিং করতে নেপালে গিয়েছিলেন। পোখরায় চলছিল বাংলাদেশি এই ছবির শুটিং। সঙ্গে ছিলেন খরাজের স্ত্রী প্রতিভাও। কিন্তু আচমকাই ঘটে যায় প্রাকৃতিক বিপর্যয়। নেপালে ভয়াবহ হড়পা বান নামে। বীভৎস বন্যা পরিস্থিতি তৈরি হয়।
এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে ভিডিও বার্তায় খরাজ বলেন, 'আমি এবং আমার স্ত্রী প্রতিভা এখনই কলকাতায় ফিরলাম। আমরা পোখরায় শুটিং করতে গিয়েছিলাম। অনেক সমস্যা তৈরি হয়েছিল। আপনারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন, আমি শুনেছি। সমস্যা পেরিয়ে আমরা গোরক্ষপুরে পৌঁছই। সেখান থেকে কলকাতায় এলাম। সকলের ভালোবাসায় আমরা সাবধানে ফিরে আসতে পেরেছি। আগামী দিনে আরও অনেক ভাল কাজ উপহার দেব আশা করছি।'
অভিনেতা রজতাভ দত্তও একই ছবির শুটিংয়ে নেপালে গিয়েছিলেন। তবে দুর্ঘটনার আগেই কলকাতায় ফিরে আসেন। নেপালে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। অভিনেত্রী জানিয়েছিলেন তিনি নিরাপদে রয়েছেন। কাঠমান্ডু থেকে ঢাকায় এদিনই ফেরার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের অবশ্য এখনও কোনও হদিশ মেলেনি। সম্প্রতি একাই মানস-সরোবারে বেড়াতে গিয়েছিলেন। তারপরই নেপালে আছড়ে পড়ে ভয়াবহ হড়পা বান। সেই থেকে মোবাইল ফোন বন্ধ মুকুল রায়ের পুত্রবধূর। শত চেষ্টা করেও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। প্রতিটা মুহূর্ত কাটছে প্রবল উৎকণ্ঠায় শুভ্রংশু রায় ও তাঁর পরিবারের।