
বলিউডে অনেক আগে থেকেই পাপারাৎজি কালচার ছিল। তারকাদের বিমানবন্দর থেকে শুরু করে জিম কিংবা বেডরুমে ঢুকে পড়তেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না এই পাপারাৎজিরা। বলিউডের একাধিক তারকাই এই নিয়ে বেশ বিরক্ত। তবে এঁরা এঁদের কাজ চালিয়ে যাবেন। গত বেশ কিছু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতেও এই পাপারাৎজিদের আগমন হয়েছে। যাঁরা শুভশ্রী-কোয়েল-শ্রাবন্তী অথবা দেব-জিৎদের পিছু পিছু ঘুরে ছবি তুলছেন। কৌশানী মুখোপাধ্যায়ের আশে পাশেও এরকম পাপারাৎজিদের হামেশাই দেখা যায়। আর এই নিয়েই এবার মুখ খুললেন নায়িকা নিজে।
কৌশানী মুখোপাধ্যায় টলিপাড়ায় স্টাইলিস্ট ডিভাদের মধ্যে অন্যতম। তাঁর স্টাইল স্টেটমেন্ট সব সময়ই নজর কাড়ে সকলের। এক পডকাস্টে এসে কৌশানী এই পাপারাৎজিদের নিয়ে কথা বলেন। তিনি অকপটে স্বীকার করেছেন যে মাঝে মধ্যে তিনি নিজেই পাপারাৎজিদের ডাকেন। কৌশানী বলেন, আমাদের পাপারাৎজিরা মাঝে মাঝে পিছিয়ে পড়ে। তাঁদের কাছে হয়তো সঠিক তথ্যটা থাকে না। আবার অনেক সময় ভুল লোকেশন থাকে তাঁদের কাছে। তখন তাঁদের জানাতে হয়।
কৌশানী আরও বলেন, হয়তো আমার মনে হল আমি আজ খুব সুন্দর সেজেছি। আমি একটা খুব সুন্দর এয়ারপোর্ট লুক করেছি তখন আমি আমাদের পাপারাৎজিদের ডেকে নিই। আমার মনে হয় এতে লজ্জার কিছু নেই। আমি নিজেকে প্রতিটা মুহূর্তে প্রোমোট করতে ভালোবাসি। নায়িকা আরও বলেন, আমি নিজের পোশাক নির্বাচনের ক্ষেত্রে, লুক তৈরি করতে অনেকটা সময় যেহেতু ব্যয় করছি সেটা আমার স্যোশাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি যদি পাপারাৎজিদের মাধ্যমে বাকিদের কাছে পৌঁছে যায় তাহলে কেন নয়? এতে কোনও ভুল নেই। তাই আমি আমার পাপারাৎজি ভাই-বোনদের ডেকে নিই।
শুধু কৌশানী নয়, পাপারাৎজিদের অনেক তারকাই ডেকে থাকেন নিজেদের প্রচারের জন্য। তবে কিছু কিছু তারকা এমনও রয়েছেন, যাঁরা পাপারাৎজি কালচাল একেবারেই পছন্দ করেন না। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সহ বি-টাউনের অনেক তারকাই এই পাপারাৎজিদের কিছু কিছু বিষয়ে ভীষণ বিরক্তি প্রকাশ করেছেন। কিছুদিন আগেই পাপারাৎজিদের নিয়ে বিরূপ মন্তব্য করে চর্চায় ছিলেন জয়া বচ্চন। তা নিয়ে কম জলঘোলা হয়নি।