Advertisement

Sourav Subhasmita Engagement: 'আমরা এনগেজড', আশীর্বাদের ছবি দিয়ে সম্পর্কে সিলমোহর সৌরভ-শুভস্মিতার

আর লুকোছাপা নয়। এবার প্রকাশ্যেই সম্পর্কে সিলমোহর দিলেন লক্ষ্মীঝাঁপি-র জুটি লক্ষ্মী ও দীপ তথা শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। টেলিদুনিয়ায় তাঁদের প্রেম নিয়ে জল্পনা ছিল অনেক দিন আগে থেকেই। তাঁদের আদুরে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও, কিছুতেই নিজেদের সম্পর্কের কথা মুখ ফুটে বলতেন না তাঁরা।

আশীর্বাদ সারলেন সৌরভ-শুভস্মিতাআশীর্বাদ সারলেন সৌরভ-শুভস্মিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 10:12 AM IST
  • এবার প্রকাশ্যেই সম্পর্কে সিলমোহর দিলেন লক্ষ্মীঝাঁপি-র জুটি লক্ষ্মী ও দীপ তথা শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী।

আর লুকোছাপা নয়। এবার প্রকাশ্যেই সম্পর্কে সিলমোহর দিলেন লক্ষ্মীঝাঁপি-র জুটি লক্ষ্মী ও দীপ তথা শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। টেলিদুনিয়ায় তাঁদের প্রেম নিয়ে জল্পনা ছিল অনেক দিন আগে থেকেই। তাঁদের আদুরে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও, কিছুতেই নিজেদের সম্পর্কের কথা মুখ ফুটে বলতেন না তাঁরা। তবে এবারে সেই গোপনীয়তা ভেঙে দিলেন নিজেরাই। বাগদান পর্বের ছবি শেয়ার করে সৌরভ-শুভস্মিতা জানালেন Yes we got engaged!

কদিন আগেই তাঁদের আশীর্বাদ ও আংটি বদলের কথা জানা গিয়েছিল। কিন্তু নিজেরা সেই বিষয়ে কিছুই জানাননি। মঙ্গলবার রাতে শুভস্মিতা ও সৌরভ দুজনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বাগদান পর্বের ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কে থাকার কথা ঘোষণা করলেন। সৌরভ-শুভস্মিতার প্রেমের খবর অজানা কারোরই ছিল না। যদিও নিজের মুখে কখনও তাঁরা সেটা স্বীকার করতে চাননি। সবটাই ছিল সময়ের অপেক্ষা।

 

আশীর্বাদের দিন শুভস্মিতা পরেছিলেন লাল রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ আর সঙ্গে সোনার গয়না, মাথায় সাদা ফুলে সেজে উঠেছিলেন শুভস্মিতা। আর সৌরভ পরেছিলেন ঘিয়ে রঙের লাল সুতোর কাজ করা পাঞ্জাবি। আদুরে মুহূর্তের ছবি শেয়ার করে শুভস্মিতা লিখলেন, মাঝে মাঝে তোমার দিকে তাকালে আমার মনে হয়, এই জীবন শুরু হওয়ার বহু আগে থেকেই আমি তোমাকে ভালোবেসেছিলাম… আর তখনও, তোমার ওই চোখদুটিই ছিল আমার শান্তির নীড়। শুভকামনা বন্ধু। আজ, আগামীকাল এবং চিরকাল। এরপর শেষ সংযোজন Yes we got engaged!

একেবারে ঘরোয়াভাবেই এই আংটি বদল ও আশীর্বাদ পর্ব সারা হয়। টুকরো টুকরো ছবি তাঁদের বাগদান পর্বের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। যেখানে হবু বর-বউকে আশীর্বাদ করতে দেখা গিয়েছে পরিবারের সদস্যদের। সৌরভের মাকে দেখা যায় শুভস্মিতাকে আশীর্বাদ করতে। দুজনের সম্পর্কে দুই পরিবারও যে ভীষণ খুশি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 

প্রসঙ্গত, সৌরভের সঙ্গে মধুমিতা সরকারের বিয়ে হয়েছিল। বেশ কিছু বছর সংসার করার পর তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর মধুমিতা চলতি বছরের ২৩ জানুয়ারি তাঁর প্রেমিক দেবমাল্যর গলায় মালা দেন। দুজনে এখন চুটিয়ে সংসার করছেন। আর প্রাক্তন স্ত্রীর পর এবার সৌরভও নতুন জীবন শুরু করার পথে পা বাড়িয়ে দিলেন। যদিও শুভস্মিতা ও সৌরভ কবে বিয়ে করছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।   
   

Advertisement

Read more!
Advertisement
Advertisement