Advertisement

Iman Chakraborty: ট্রোলিং সামলাতে ইমনকে বিশেষ পরামর্শ মমতার, মেনে চলবেন 'পাঁচালি গায়িকা'?

ইমন চক্রবর্তী রাজ্য সরকারের 'উন্নয়নের পাঁচালি' গেয়ে চরম ট্রোলড। বঙ্গবিভূষণ নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। মায়ের মৃত্যুবার্ষিকীতেও বিদ্রুপ শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন গায়িকা। এরপরই ছাড়েন সোশ্যাল মিডিয়া। তবে এবার তাঁকে বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির কথা শুনবেন ইমন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইমন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 10:47 AM IST
  • 'উন্নয়নের পাঁচালি' গেয়ে চরম ট্রোলড
  • বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিদির পরামর্শ মেনে চলবেন ইমন চক্রবর্তী?

রাজ্য সরকারের 'উন্নয়নের পাঁচালি' নিয়ে গান গেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাঁকে বঙ্গবিভূষণ সম্মানও দিয়েছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। এমনকী, তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতেও গায়িকাকে ফেসবুকে কমেন্টে বিদ্রুপ, কটাক্ষ শুনতে হয়েছে। ফলস্বরূপ সোশ্যাল মিডিয়া ছাড়ার কথাও জানিয়েছেন তিনি। এবার এই নিয়েই'পাঁচালি' গায়িকা ইমনকে পরামর্শ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কী পরামর্শ দিলেন মমতা?
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে ইমন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সেদিন ওঁর মায়ের মৃত্যুদিন ছিল। আমরা তো শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর, রাঘব, শ্রীজাত, গণেশচন্দ্র হালুই, বাবুলকেও বঙ্গবিভূষণ দিয়েছি। তাহলে শুধু ইমনকেই কেন একঘরে করা হল? এটা খুব খারাপ।' এরপরই সঙ্গীতশিল্পীকে তাঁর পরামর্শ, 'আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া ছাড়বে কেন? বেশি করে ধর।'

মুখ্যমন্ত্রীর পরামর্শ মানবেন ইমন?
bangla.aajtak.in-এর পক্ষ থেকে গায়িকাকে এই প্রশ্ন করা হলে তিনি অবশ্য এর উত্তর দিতে চাননি। সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের জেরে তিনি যে এখনও যথেষ্ট প্রভাবিত, তা স্পষ্ট। কারণ সম্প্রতি ফেসবুক লাইভ করে ইমন জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়ায় তিনি তুলে ধরবেন না। তাঁর মাকেও অপমান করা হয়েছে। কেন রাজ্য সরকারের পাঁচালি গেয়েছেন, তা নিয়ে বিদ্রুপ করা হয়েছে। কটাক্ষ শুনতে হয়েছে বঙ্গবিভূষণ পুরস্কার পেয়ে। তিনি গোটা রাত ঘুমোতে পারেননি। অসুস্থবোধ করেছেন। তাই সিদ্ধান্ত নিয়েছেন, আর সোশ্যাল মিডিয়ায় থাকবেন না।
 
তবে ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ শুনে ইমন চক্রবর্তী বলেন, 'দিদি আমার একটা বিশেষ আর্জি রয়েছে। আমরা যখন গান গাওয়া শুরু করেছি, তখন একমাত্র FM-এ বাংলা গান বাজত। আমরা বহু শিল্পী পেয়েছি, যারা FM-এ বাংলা গান গেয়ে আপনার থেকে বঙ্গবিভূষণ পেয়েছেন। কিন্তু এখন FM-এ একদমই বাংলা গান বাজে না। এটা আমার বড়ই দুঃখের জায়গা। শুধু মাত্র বাংলা একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে খান্ত হন। বাংলা গানের জন্য এটা ঠিক হচ্ছে না। তাই আপনি যদি একটু ভাবনাচিন্তা করতেন।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement