
নিজের বাগদান ও বিয়ের কথা ঘোষণা করে সম্প্রতি লাইম লাইটে এসেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী। গত মাসেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে আংটি বদল করেছেন মিঠুন-কন্যা। আমেরিকাতেই তাঁর বয়ফ্রেন্ড মাইলস মান্টজারিসের সঙ্গে আংটি বদল করেছেন দিশানী। এবার বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন মিঠুন-কন্যা।
খুব শীঘ্রই বিয়ে করবেন দিশানী। ২৫ বছর বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিঠুনের মেয়ে। দিশানী তাঁর ইনস্টাগ্রামে হবু বর মাইলসের সঙ্গে রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। দুজনে একে-অপরের হাত ধরে রয়েছেন। দিশানী সাদা রঙের ব্যাকলেস গাউন পরেছিলেন আর মাইলস পরে আছেন কালো রঙের কোর্ট-প্যান্ট। এই ছবি দেখে হঠাৎ করেই মনে হতে পারে যে হয়তো দিশানী আর মাইলস বিয়ে করছেন। কারণ কোনও এক চার্চের সামনেই এই ছবিগুলো তোলা হয়েছে।
দিশানীর পোস্ট করা একগুচ্ছ ছবিতে তাঁকে হবু বরের সঙ্গে লিপলক করতে দেখা যায়। কখনও মাইলসের কোলে চেপে তাঁকে আদর করছেন মিঠুন-কন্যা, আবার কখনও হবু বরের বাহুডোরে তাঁর ঠোঁটে ঠোঁট রেখেছেন দিশানী। অভিনেতার মেয়ে যে হবু বরের সঙ্গে দারুণ খুশি, তা তাঁর মুখের হাসি বলে দিচ্ছে। এই সব ছবি পোস্ট করে দিশানী ক্যাপশনে লেখেন, এরকম জীবনসঙ্গী পাওয়ার জন্য তিনি প্রার্থনা করতেন। আমি প্রত্যাশার চেয়ে বেশি ভাল জিনিস পেয়েছি। দিশানী এও জানিয়েছেন যে তিনি আর অপেক্ষা করতে পারছেন না মাইলসকে বিয়ে করার জন্য।
জুন মাসেই বাগদান সেরেছেন দিশানী ও মাইলস। সমুদ্রসৈকতের ধারে পাহাড়ের টিলা। সেখানেই মোমের আলোয় সাজানো চারিদিক, সাদা পোশাকে দাঁড়িয়ে দিশানী। হাতে মস্ত হিরের আংটি। হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীর্ঘ দিনের প্রেমিক। পেশাগত দিকে থেকে সিনেমার ‘কালারিস্ট’ ও চিত্রগ্রহণের কাজ করেন মাইলস। গত ১২ জুন বাগদান সারেন মিঠুন-কন্যা। চলতি বছরের ৬ ডিসেম্বর বিয়ে করবেন দিশানী ও মাইলস।
দিশানী থাকেন লস অ্যাঞ্জেলেসে। ছোট থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছে তাঁর। সেখানেই নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন তিনি। দিশানীকে দত্তক নিয়েছিলেন মিঠুন ও তাঁর স্ত্রী যোগিতা বালী। তিন পুত্রের সঙ্গে তাঁরা তাঁদের এই দত্তক কন্যাকেও নিজের মেয়ে বলে মানুষ করেন। এখন তাঁরই বিয়ের প্রস্তুতি চলছে চক্রবর্তী পরিবারে।