
অতীত, বর্তমান, ভালোবাসা নাকি বিশ্বাসঘাতকা। সুধা, চন্দর আর প্রীতির সম্পর্ক নিয়ে তৈরি মুসাফির ক্যাফে দেখে বুঁদ দর্শকরা। নেটফ্লিক্সের এই লেটেস্ট ওয়েব সিরিজ ঘিরে আগ্রহ তুঙ্গে। কিন্তু সিরিজের প্রথম ভাগ অমীমাংসিত। সিজন ২ আনার বড়সড় ইঙ্গিত দিয়েছেন পরিচালক রুচির অরুণ। তবে কিছুতেই যেন তর সইছে না এই লাভ স্টোরির শেষটা না জানা পর্যন্ত। কী হল পাহাড়ের কোলে থাকা মুসাফির ক্যাফের? সুধা কি চন্দরের জীবনে আবার ফিরে এল? প্রীতিকে কী ছেড়ে দেবে চন্দর? সুধার বয়ফ্রেন্ড বিনীত এসে কীভাবে ঘোরাবে কাহিনি? এই প্রশ্নগুলিই যেন বারবার ঘুরে ফিরে আসছে সকলের মনে।
মুসাফির শব্দের অর্থই, যে একটা জায়গায় বেশিদিন থিতু হতে পারে না। সুধা আর চন্দরও তাই। এক ব্যাগ স্বপ্ন নিয়ে দু'জনই বাড়ি ছেড়ে বেরিয়ে অন্য শহরে পা রেখেছিল। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে না পড়তেই আবার নতুন স্বপ্নের খোঁজে পাড়ি দিয়েছিল সুধা। বিরহে চন্দরও খুঁজে নিয়েছিল অন্য ঠিকানা। কিন্তু মুসাফির কি শুধু নতুন জায়গার খোঁজে ছুটে বেড়ায়? তার পথচলা নিজেকে নতুন করে আবিষ্কার করারও।
আর তাইতো সুধা, চন্দর আর প্রীতির সঙ্গে এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে, এক অনুভূতি থেকে অন্য অনুভূতিতে, এক স্বপ্ন থেকে আরও স্বপ্নের দিকে ছুটে বেরানো দর্শকও নিজেদের একাত্ম করে ফেলেছে। ফলে তাদের লাভ স্টোরির এন্ডিং জানতে না পারলে কিছুতেই যেন পেটের ভাত হজম হচ্ছে না। মন আকুলি-বিকুলি করে উঠছে।
প্রিয় সেই মানুষ যদি হাত ছেড়ে যায় কখনও, তা হলে কি নিজেকেও তবে হারিয়ে ফেলতে হয় পুরোপুরি? নাকি অন্য কাউকে ঘিরে স্বপ্ন দেখে নিজেকে খুঁজে নেওয়া যায় নতুন করে? সেই উত্তরগুলোই মেলে ধরে দিব্যপ্রকাশ দুবে রচিত 'মুসাফির ক্যাফে' বইটির সিরিজ সংস্করণ।
চন্দর, প্রীতি দু’জনেরই জানা ছিল, একদিন সুধা ফিরে আসতেও পারে। কিন্তু সত্যিই যখন সুধা ফিরে এল, তখন চন্দর প্রীতির ভালোবাসাকে উপেক্ষা করে ফের তার হাতটাই ধরবে? নাকি থেকে যাবে তার এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেওয়া প্রীতির সঙ্গেই? এই প্রশ্নের উত্তর মেলেনি প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে কি মিলবে?
চন্দর-সুধার সম্পর্ক যেখানে দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়ি পড়লেও হয়তো মুসাফির ক্যাফের কফির রেশ দর্শকমনে রয়ে যেত। সিরিজের পরিচালক রুচির অরুণ সংবাদমাধ্যমে বলেন, 'চন্দরের কাছে এটা সত্যিই খুব কঠিন একটা পরিস্থিতি। তবে চন্দর শেষ পর্যন্ত কী করে, তা দেখতে অপেক্ষা করতেই হবে। আশা করি সময়ের সঙ্গে-সঙ্গে দর্শক উত্তরটা পেয়ে যাবেন।' তিনি আরও বলেন, 'মানুষের যে উৎসাহ তৈরি হয়েছে, তাতে সিজ়ন ২ নিশ্চয়ই আসবে। তবে সেটা কবে আসবে এখনও জানি না। কারণ তার জন্য অনেক প্রস্তুতি প্রয়োজন। আশা করছি মুসাফির ক্যাফে আবার ফিরবে।'
দিব্যপ্রকাশ দুবে রচিত 'মুসাফির ক্যাফে' বইটির থেকে সিরিজের স্ক্রিপ্ট কিছুটা হলেও আলাদা। সেক্ষেত্রে বইতে থাকা সুধা ও চন্দরের ছেলে 'অক্ষর' দেখানো হয় কি না এবং পরবর্তী সুধা ও প্রীতির মধ্যে চন্দর ঠিক কাছে বেছে নেবে, সুধা আবার বিয়ে করবে কি না, এই সমস্তটাই নির্ভর করছে রুচির অরুণের স্ক্রিপ্টের উপর।