
প্রতি বছর কালীপুজোর রাতের চিত্রটা একেবারেই বদলায় না। শব্দবাজির দাপটে নাজেহাল অবস্থা যেমন হয় সাধারণ মানুষের তেমনি রক্ষা পায়না অবলা প্রাণীরাও। আদালতের নির্দেশিকা থাকলেও তা পুরোপুরি মানেননি কেউ বলেই অভিযোগ অনেকের। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানোর নিদান দেওয়া সত্ত্বেও, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই শব্দবাজির দাপট চলেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এই পরিস্থিতিতে আবার অদ্ভূত দাবি করে বসেছেন বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর দাবি, বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়। এই মন্তব্য নিয়ে চলছে জোর চর্চা। তারই মাঝে সঙ্গীত পরিচালক ও সুরকার দেবজ্যোতি মিশ্র একহাত নিলেন টালিগঞ্জের বিধায়ককে।
কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডবে অনেক তারকারাই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এমনকী বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশকে ট্যাগ করে নিজের বিরক্তির কথা জানান। যদিও পরে সেই পোস্ট মুছে দেন বিধায়ক। তবে পাপিয়া অধিকারীর এই অদ্ভুত মন্তব্য নিয়ে নেটপাড়ায় চলছে জোর আলোচনা। আর তারই মাঝে দেবজ্যোতি মিশ্র বিধায়ক তথা অভিনেত্রীকে কটাক্ষ করে বসলেন। দেবজ্যোতি লেখেন, ‘আমাদের পাড়ার কুকুরটা খাটের তলায় ঢুকে আছে। তাকে বোঝাতে গেলাম, ভয় পাস না, তোর চিকিৎসা হচ্ছে। সে বোঝেনি। শিক্ষার অভাব।পাপিয়া অধিকারী জানিয়েছেন, বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখ চলে যায়। এখন কয়েকটা ছোটখাটো বিষয় পরিষ্কার হওয়া দরকার। কোন রোগে কত পটকা? খাওয়ার আগে, না পরে? বয়স্কদের জন্য অর্ধেক চকোলেট বোমা চলবে? আর যাঁর হৃদ্যন্ত্র দুর্বল, তাঁর চিকিৎসাটা কি একটু দূর থেকে করা যায়?’
দেবজ্যোতির মতে, ‘জনপ্রিয় মানুষের মুখের কথার একটা ওজন থাকে। সেই কথায় কেউ ভরসা করেন, কেউ সাহস পান, কেউ নিজের বেপরোয়া আচরণের অনুমতি খুঁজে পান। তাই মাইক্রোফোন হাতে পেলে দায়িত্বটাও একটু হাতে নিতে হয়।’ সম্প্রতি অভিনেত্রী ও রাজনীতিবিদ পাপিয়া অধিকারী মন্তব্য করেছিলেন যে, বাজি ফাটানোর ফলে পরিবেশ থেকে অনেক রোগ-ব্যাধি বা জীবাণু চলে যায়। প্রসঙ্গত, কালীপুজো ও দিওয়ালি আসার আগেই টলিউড তারকাদের অনেকেই অবলা প্রাণীদের সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত থাকেন। কারণ শবব্দবাজির তাণ্ডবে এইসব সারমেয়রা সবচেয়ে বেশি কষ্ট পায়।
পাপিয়া অধিকারীর এই মন্তব্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন একজন বিধায়ক হয়ে কীভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন। টালিগঞ্জের বিধায়কের এরকম মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই মন্তব্য নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করছেন।