
রাজ্যেপালা বদলের পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম নির্বাচন। শনি ও রবিবার দুদিন ধরে চলবে ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া। শনিবার কড়া নিরাপত্তার মাধ্যমে বিভিন্ন গিল্ডের জন্য ভোটদান করেছেন টেকনিশিয়ানরা। নজরদারিতে ছিলেন মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। ছিল পুলিশি নিরাপত্তাও। জানা যাচ্ছে, শনিবার ভোটের ফলাফলের পর মেকআপ গিল্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পুরস্কার জয়ী মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।
একটা সময় টলিউডে বিশ্বাস ব্রাদার্সদের দাপটে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির করুণ অবস্থা কারোরই নজর এড়ায়নি। কখনও শ্যুটিং বন্ধ, কখনও অভিনেতা-পরিচালকদের ব্যান করে দেওয়া, শ্যুটিংয়ে অনৈতিকভাবে একাধিক নিয়ম লাগু, বাইরে থেকে কোনও কাজ না আসতে দেওয়া...এই সব সংস্কৃতির জেরে টলিউডে অভিনেতা-অভিনেত্রী, কলা-কুশলীরা বেশ অস্বস্তিতে ছিলেন বহু বছর ধরে। তবে রাজ্যে বিজেপি সরকার আসার পর কড়া হাতে সেইসব অনিয়মের পতন ঘটিয়েছে। ফেডারেশন, গিল্ড, ইম্পা সহ একাধিক সংগঠন ভেঙে ফের নতুন করে গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছিল নতুন সরকারের পক্ষ থেকে। আর সেই প্রতিশ্রুতি অনুসারে পুজো মিটতেই ফেডারেশন, গিল্ড ও ইমপার নির্বাচন শুরু হয়ে গেল। শনিবার ছিল প্রথম পর্বের নির্বাচন। আর এই ভোটে মেকআপ গিল্ডের সভাপতি পদে জয়ী হয়েছেন সোমনাথ কুণ্ডু।
বাংলা ছবিতে মেকআপ আর্টিস্ট সোমনাথের অবদান কম কিছু নয়। ধূমকেতু, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, অপরাজিত, গুমনামি বাবা,এক যে ছিল রাজা সহ একাধিক ছবিতে তাঁর মেকআপ ব্রাশের ছোঁয়ায় অসাধ্য সাধন হয়েছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে জিতের নটি লুকের দায়িত্বেই ছিলেন এই মেকআপ আর্টিস্ট। কয়েক মাস আগেই দ্বিভাষিক ছবি একা-র শ্যুটিং থেকে বাদ পড়তে হয় সোমনাথ কুণ্ডুকে। বাদ দেওয়ার নির্দেশ আসে পাপিয়ার 'কনফেডারেশন'-র তরফে। সেই সময় সরব হয়েছিলেন তিনি। আর আজ সেই সোমনাথ কুণ্ডুই মেকআপ গিল্ডের সভাপতি।
নতুন পদ পেয়ে এক সংবাদমাধ্যমকে সোমনাথ জানিয়েছেন যে স্বচ্ছভাবে গিল্ড পরিচালনা করাই তাঁর মূল লক্ষ্য। তিনি এও বলেন যে তিনি যে সমস্ত বাধার মুখে পড়েছিলেন, সেটা যেন অন্যদের সহ্য করতে না হয়। সোমনাথ কুণ্ডুর কথায়, যে ব্যান কালচার, যে থ্রেট কালচার একসময় ছিল, সেসব দূরে সরিয়ে নতুন করে ভোট করে এই ব্যবস্থা করা হচ্ছে। আমি কৃতজ্ঞ মহাগুরু মিঠুনদা, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চ্যাটার্জি, রূপা গাঙ্গুলির কাছে। এছাড়াও জিৎদা, দেবদা, প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ বুম্বাদা অভিভাবকের মতো দাঁড়িয়ে সবটা সামলেছেন। আর মেকআপ গিল্ডের দায়িত্ব আমার কাঁধে যখন, আমি চেষ্টা করব এর মর্যাদা রাখার।