
পৌরাণিক কাহিনী নিয়ে সিরিয়াল সব সময়ই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তা মহাপীঠ তারাপীঠ হোক কিংবা করুণাময়ী রানি রাসমণি অথবা শ্রীকৃষ্ণভক্ত মীরা। টিআরপিতে সব সময়ই এই সিরিয়ালগুলি ভাল জায়গা করে নিয়েছে। সেই আবহেই আবারও ভক্তিমূলক সিরিয়াল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। খুব শীঘ্রই শুরু হতে চলেছে 'সতীপীঠ কালীঘাট'। ইতিমধ্যেই এই সিরিয়ালের প্রোমো এবং চরিত্রগুলি সামনে এসে গিয়েছে। কিন্তু কবে থেকে শুরু হবে এই সতীপীঠ কালীঘাট?
এই ধারাবাহিক ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতুহলের শেষ ছিল না। তবে এই ধারাবাহিক নিয়েও কম জলঘোলা হয়নি। প্রযোজনা, পরিচালক, লেখিকা সবকিছু নিয়েই অশান্তি-ঝামেলা দেখা গিয়েছিল। এখন অবশ্য সব জট কেটে শুরু হতে চলেছে এই নতুন পৌরাণিক কাহিনী অবলম্বনে নতুন সিরিয়াল। ২৪ অগাস্ট, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত সাড়ে নটার সময় দেখা যাবে সতীপীঠ কালীঘাট সিরিয়ালটি। কাল রাত থেকেই শুরু হয়ে যাবে এই সিরিয়াল।
প্রসঙ্গত বর্তমানে রাত পৌনে নয়টা থেকে এই চ্যানেলে 'জোয়ার ভাঁটা' দেখা যায়। অন্যদিকে রাত সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হয় 'কনে দেখা আলো'। কিন্তু সতীপীঠ কালীঘাট ওই সময়ে সম্প্রচার হওয়ায় কনে দেখা আলো সিরিয়ালটি তার পুরনো স্লট হারিয়েছে। টাইম স্লট এগিয়ে গিয়েছে লাজু-অনুভবের গল্পের। বর্তমানে কনে দেখা আলো টেলিকাস্ট হচ্ছে বিকেল সাড়ে পাঁচটায়। প্রথম দিকে শোনা গিয়েছিল, সতীপীঠ কালীঘাট-এর জন্য বন্ধ হয়ে যেতে পারে কনে দেখা আলো। তবে সেই আশঙ্কা সত্যি হচ্ছে না। এছাড়াও কাল থেকে রাত নটায় দেখা যাবে বাঘিনী সিরিয়াল।
প্রসঙ্গত, 'সতীপীঠ কালীঘাট' ধারাবাহিকে কালীঘাটের প্রতিষ্ঠা, তার সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক গল্প, ইতিহাস সবটাই তুলে ধরা হবে। ইতিমধ্যেই এই সিরিয়ালের চরিত্রের লুকসগুলো সামনে এসেছে। যেখানে অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অর্পণ ঘোষাল, অহনা বন্দ্যোপাধ্যায়, দেবাশিষ মণ্ডল, বিশ্বনাথ বসুদের দেখা যাবে। সতীপীঠ কালীঘাট নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। সোমবার রাত থেকেই এই সিরিয়াল শুরু হয়ে যাবে।