
নতুন দিদি হয়ে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়। চুটিয়ে দিদি নম্বর ১-এর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী। টলিপাড়ায় ঠোঁটকাটা নামে পরিচিত স্বস্তিকা সর্বদাই মাটির কাছে থাকতেই ভালোবাসেন। আর তাঁর কাছে ছোট ছোট বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গল মাদার স্বস্তিকার মেয়ে অন্বেষা অন্ত প্রাণ। কিন্তু তাঁকে তো সব সময় কাছে পান না। বিদেশে থাকেন স্বস্তিকা-কন্যা। মেয়ে নেই তো কী হয়েছে, ছেলে তো রয়েছে কাছে। আর সেই ছেলেই সটান দিদি নম্বর ১-এর সেটে এসে হাজির। মা স্বস্তিকার সঙ্গে দেখা করলেন আর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভুললেন না দিদি স্বস্তিকা।
দিদি নম্বর ১-এর সেটে স্বস্তিকাকে পাওয়া গেল দিদি লুকসে। পরনে শাড়ি, কপালে বড় লাল টিপ, ছেলের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটালেন স্বস্তিকা। মায়ের জন্য খালি হাতে আসেননি ছেলেও। এনেছেন এক তোড়া গোলাপ ও একটি বই নিয়ে। স্বস্তিকা ছেলের সঙ্গে নেওয়া সেলফি ও ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ছেলে এসেছিল দিদি নং ১-এর সেটে। একটা বই আর এক তোড়া গোলাপ নিয়ে। কাজ আসে, কাজ যায়, সম্পর্ক রয়ে যায়-এগুলো জীবনের মূল সম্পদ। সোনা বাবা টা আমার।' এরপরই স্বস্তিকা লেখেন, 'বলুন তো আমাদের মা ছেলেকে একসঙ্গে কোথায় দেখেছেন?'
না, স্বস্তিকার নিজের ছেলে নয়। ইনি হলেন অভিনেতা দেবদত্ত রাহা। ওয়েব সিরিজ বিজয়া-তে স্বস্তিকার ছেলের চরিত্রে দেখা মিলেছিল তাঁর। সেখানে মা-ছেলের সমীকরণ চোখ টেনেছিল। কারণ স্বস্তিকার মেয়ে অন্বেষার বয়স দেবদত্তর আশেপাশে। তাই দেবদত্তর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক একেবারে মা-ছেলের মতোই। এর আগেও অভিনেতার সঙ্গে স্বস্তিক ছবি শেয়ার করে ছেলে সম্বোধন করেন স্বস্তিকা। পর্দার সেই গভীর ও আবেগঘন রসায়ন যে ক্যামেরার পেছনেও বাস্তব জীবনে কতটা অটুট রয়ে গিয়েছে, এই ছবি তারই প্রমাণ।
মেয়ে অন্বেষাকে একা হাতে মানুষ করেছেন স্বস্তিকা। অনেক সংঘর্ষ করতে হয়েছে তাঁকে সিঙ্গল মাদার হিসাবে। কিন্তু হাল ছাড়েননি তিনি। মেয়ে অন্বেষাকে স্বস্তিকা মানি বলে ডাকেন। একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন যে মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে বন্ধুর মতোই। মেয়ে কলকাতায় এলে স্বস্তিকা নাওয়া-খাওয়া ভোলেন। তবে এখন দিদি নম্বর ১-এর দায়িত্ব চেপেছে কাঁধে। এখন আর হুট করে মেয়ে অন্বেষার সঙ্গে দেখা করতে বিদেশেও যেতে পারবেন না। তবে এই নতুন দায়িত্ব স্বস্তিকার কাছে যে নতুন চ্যালেঞ্জ, তা টের পাচ্ছেন অভিনেত্রী।