
গত বছর জুনে মা-বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। গত ১ জুন পুত্রসন্তানের জন্ম দেন পিয়া। পরম-পিয়া তাঁদের ছেলের নাম নিষাদ রাখলেও আদর করে নডি বলে ডাকে। ছোট্ট নডি এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এই জুনে তাঁর এক বছর বয়স হবে। মাঝে মধ্যেই পিয়া-পরম তাঁদের ছেলের ঝলক শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে। রবিবার সকালে পরম-পুত্রের সেরকমই একটি ছবি শেয়ার করলেন পিয়া। ছোট্ট নডিকে দেখে আদরে ভরিয়ে দিল নেটপাড়া।
একগাল হাসি খুদে নডির ঠোটে, চোখে একটা বড় সাইজের সানগ্লাস। ব্রাউন রঙের টি-শার্ট গায়ে। একগাল হাসিতে দেখা গেল, উপরের পাটিতে বেশ কয়েকটা দাঁত উঠেছে নডির। যদিও নীচের পাটিতে মাত্র দুটো দাঁত। কারোর কোলে বসে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিলেন পরম-পিয়ার ছেলে। নডির ছবি শেয়ার করে পিয়া ক্যাপশনে লিখলেন, হ্যাপি সানডে ফোকস। এরপর হ্যাশট্যাগে নডিচন্দ্র লিখতে ভুললেন না পিয়া। নডির এই ছবিতে একের পর এক কমেন্ট করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। তাঁদের এই বিয়ের খবরে অনেকেই অবাক হয়েছিলেন। বিয়ের ২ বছর পর ২০২৫ সালের জুন মাসে পিয়া সন্তানের জন্ম দেন। নডির জন্মের পর তাঁকে কিছুমাস আড়ালেই রেখেছিলেন পরম ও পিয়া। এরপর সেই বছরের দুর্গাপুজোর অষ্টমীর দিনেই প্রথম ছোট্ট নডির মুখ সামনে নিয়ে আসেন পরম ও পিয়া। ছেলেকে পিয়া ডাকেন নডি, আর বাবা পরমব্রত ডাকেন জুনিয়র। অবশ্য গুরুগম্ভীর একটা ভালো নামও রয়েছে, নিষাদ। এই নামের প্রধান অর্থ ভারতীয় সঙ্গীতশাস্ত্রের সাতটি সুরের সপ্তম বা শেষ সুর। এই নামের আরেকটি অর্থ হলো—যাকে দুঃখ বা বেদনা ছুঁতে পারে না।
কিছুমাস আগেই পরম-পিয়ার ছেলের রাজকীয় অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির সব তারকারাই। প্রসেনজিৎ, দেব, শুভশ্রী, রিয়া-রাইমা, রুদ্রনীল, কাঞ্চন-শ্রীময়ী কে আসেননি সেই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসে পরমের ছেলেকে আশীর্বাদ করে গিয়েছেন। ৯ মাস বয়সেই বাবা পরমের সঙ্গে শ্যুটিং ফ্লোরেও ঘুরে এসেছেন তিনি। সব মিলিয়ে পরম-পিয়ার ছেলে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।