
প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে দিঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দিঘার তালসারির সমুদ্রে নেমেছিলেন, এরপরই জলে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করে টেকনিশিয়ানরা হাসপাতালে নিয়ে যান। তবে জলে ডুবেই মৃত্যু হয়েছে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে তাঁকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। জানা যাচ্ছে সেই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্যই তালসারিতে গিয়েছিল গোটা টিম। ফেডারেশনের পক্ষ থেকে দিগন্ত বাগচী খবরটি নিশ্চিত করে বলেন, শ্যুটিংয়ের পর রাহুল ও সিরিয়ালের নায়িকা সমুদ্রে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, রাহুলদা ডুবে যাচ্ছে। এরপর টেকনিশিয়ানরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখনও বেঁচে ছিলেন অভিনেতা। তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান রাহুল। পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের পরই দেহ ছাড়া হবে। দিগন্ত বাগচী এও জানান যে শ্যুটিংয়ের পর মদ্যপান করেননি রাহুল। তবে সাঁতার না জানলে কিংবা কিছুটা যাওয়ার পর চোরা বালিতে আটকে গেলে, জল খেয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখনও সঠিক কারণটা জানা নেই। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ডুবেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে।
টলিউডের পরিচিত মুখ রাহুল। টেলিভিশনে পা রাখার আগে বিভিন্ন থিয়েটারে কাজ করেছিলেন রাহুল। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান খেলা-তে আদিত্য চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়ে নেন। এই সাফল্যের পর তিনি একটি চলচ্চিত্রের প্রস্তাব পান, যা তাকে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়। রাহুলের পডকাস্ট প্রোগ্রাম 'সহজ কথা'ও বেশ জনপ্রিয় হয়েছে। একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একটা দীর্ঘ সময়ে দেখা গেছিল ধারাবাহিকেও। এরপর একটা লম্বা সময়ের বিরতি কাটিয়ে ফের ফিরেছিলেন ধারাবাহিকে। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল ভোলে বাবা পার করেগা সিরিয়ালে। এছাড়াও হরগৌরী পাইস হোটেল সিরিয়ালেও তিনি কাজ করেছেন। রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেন রাহুল। বছর ঘুরলেও এখনও সেই সিনেমার গান আজও সমান জনপ্রিয়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার।