
খুব শীঘ্রই টলিউডে ডেবিউ করতে চলেছেন প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। চলতি বছরেই সেই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। আর এরই মাঝে বলিউড অভিনেতা রণবীর কাপুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ টিপস পেয়েছেন প্রসেনজিৎ-পুত্র মিশুক। নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেই সেই ছবিও পোস্ট করেছেন তৃষাণজিৎ। মিশুককে কী টিপস দিলেন রণবীর?
সম্প্রতি তৃষাণজিৎ তাঁর ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন, 'যেখানে তাঁকে দেখা গিয়েছে রণবীর কাপুরের সঙ্গে। প্রসেনজিৎ-পুত্র বলিউড অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, আপনার মুভি (অ্যানিম্যাল) দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত। রণবীর কাপুর স্যার, আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আমার নতুন সফর শুরু করতে এটি আমাকে অনেক সাহায্য করেছে।' মিশুকের এই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, তৃষাণজিৎ-এর টলিউড ডেবিউ এখন শুধু সময়ের অপেক্ষা।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিৎ টলিউড ও বলিউড দুটো জায়গাতেই নিজের ছাপ রেখেছেন। প্রসেনজিৎ এখনও একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন। তবে প্রসেনজিতের ছেলে যে অভিনয়ে আসবেন, তা অনেকেই বুঝতে পারেননি। কারণ মিশুকের ফুটবলের প্রতি আগ্রহ ছিল বেশি। এখন ক্যামেরার সামনে আসবার প্রস্তুতি নিচ্ছেন প্রসেনিৎ-পুত্র। চট্টোপাধ্যায় পরিবারের ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী তৃষাণজিৎ। প্রসেনজিৎ আগেই স্পষ্ট করেছেন বাবা হিসাবে ছেলের পিছনে ঢাল হয়ে দাঁড়াবেন তিনি। তবে কোনওভাবেই ছেলেকে লঞ্চ করবেন না।
তৃষাণজিৎ বিভিন্ন জায়গায় অভিনয়ের ওয়ার্কশপ করেছেন। এখন কলকাতা-মুম্বই মিলিয়ে থাকছেন তিনি। মুম্বইয়ের পৃথ্বী থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। সেখানেই বিভিন্ন নাটকে অংশগ্রহণ করছেন মিশুক। ২১ বছরের তৃষাণজিৎকে দেখা যাবে প্রযোজক শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির ছবিতে। মিশুকের বিপরীতে থাকছেন দেবালয় ভট্টাচার্যের ‘ভুগুন’ ছবির নায়িকা আর্যা রায়।