
স্টারকিড হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ-এর জনপ্রিয়তা নেহাত কম নয়। এখনও অভিনয় জগতে পা রাখেননি ঠিকই কিন্তু তা সত্ত্বেও তৃষাণজিৎ-এর পরিচিতি ব্যাপক। টলিপাড়ায় পরিচিত মিশুককে নিয়ে চর্চা কম নেই। তবে সম্প্রতি মিশুককে নিয়ে যে আলোচনা চলছে, তা হল তাঁর রাজনীতিতে যোগদান। তাঁরই পোস্ট করা একটি ছবি থেকেই এই গুঞ্জন ছড়ায়। রবিবার রাতে প্রসেনজিৎ-পুত্র তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি পোস্ট করে রাম নাম করেছেন। আর ছাব্বিশের নির্বাচনের আগে তৃষাণজিতের গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এই নিয়ে আজতক বাংলাকে প্রসেনজিৎ জানিয়ে দেন যে পুরোটাই ফেক। এবার মিশুক নিজেই সবটা জানালেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।
তৃষাণজিৎ তাঁর ফেসবুক পেজের স্টোরিতে পোস্ট করে লেখেন, 'ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন। আমি বা বাবা কেউই রাজনীতিতে আসছি না, তাই দয়া করে ভুলভাল খবর ছড়াবেন না। প্রসেনজিৎ পুত্র আরও লেখেন, জয় শ্রী রাম শুধু বিজেপির স্লোগান নয়, সব জায়গায় রাজনীতি নিয়ে আসবেন না। দয়া করে ইতিবাচক ভাবনা রাখুন। পজিটিভ ভাবুন। ধন্যবাদ।' তৃষাণজিতের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও ওই ছবি সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, মিশুক সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকেন। নিজের ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত শেয়ার করে থাকেন তিনি তাঁর ফেসবুকে। সেরকমই একটি ছবি রবিবার রাতে পোস্ট করেন প্রসেনজিৎ-পুত্র। যদিও সেই ছবি ফেব্রুয়ারির। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির পর শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেসময়েই এই ছবি তোলা। যেখানে বাবা এবং বিজেপি নেতার মধ্যমমণি হিসেবে দেখা গেল তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে। এই ছবি পোস্ট করে মিশুক ক্যাপশনে, জয় শ্রী রাম লিখতেই জল্পনা তীব্র হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তৃষাণজিতের বিজেপিতে যোগ দেওয়া খবর।
এই বিষয়ে বাবা প্রসেনজিৎ আজতক বাংলাকে বলেন, এগুলো ফেক। এটা ফেক প্রোফাইল। আমরা এই বিষয়টা দেখছি। এই বয়সে ফেক প্রোফাইল, এসব থাকতে পারে। আমরা ওঁর প্রোফাইলটা ব্লু টিক করে নিচ্ছি। প্রসেনজিতের টিম পুরো বিষয়টি দেখছে বলেও জানান তিনি। এরই সঙ্গে এও স্পষ্ট করেন যে তিনি বা তাঁর ছেলে কারোরই রাজনীতিতে আসার সম্ভাবনা নেই। তবে রাজনীতিতে না এলেও, খুব শীঘ্রই টলিউডে ডেবিউ হচ্ছে তৃষাণজিতের। খুব তাড়াতাড়ি সেই ছবির শ্যুটিংও শুরু হবে।