
দিঘায় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারির জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই এই ঘটনা ঘটে। রাহুলের এই পরিণতি কেউই মেনে নিতে পারছেন না। উঠে আসছে একাধিক প্রশ্ন, যার উত্তর অধরা। সোমবারই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে অভিনেতার এমন মৃত্যু, অন্য শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এবার তারকাদের শ্যুটিংয়ে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এই নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে।
সর্বভারতীয় সিনে সংগঠন বা AICWA তাদের এক্স হ্যান্ডেলে একাধিক অভিযোগ তুলেছেন রাহুলের মৃত্যুকে ঘিরে। অভিযোগ, গাফিলতির কারণেই শুটিং করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেইজন্য ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার দাবি তুলেছে সংশ্লিষ্ট সংগঠন। সোমবার AICWA-এর এক্স হ্যান্ডেলে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার দাবি তোলার পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ও তারা নজরে এনেছে। AICWA-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম অনুযায়ী, জলে, বিশেষ করে সমুদ্র বা গভীর জলে শ্যুটিং করার সময় প্রশিক্ষিত পেশাদার উদ্ধারকারী দল এবং জরুরি সব পরিকাঠামো রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার। এই ধরনের গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থার অনুপস্থিতি বা ব্যর্থতা প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট সম্প্রচার চ্যানেলের গুরুতর ত্রুটির দিকে ইঙ্গিত করে।
তাদের এও অভিযোগ, যথাযথ সুরক্ষা বিধি মানা হলে প্রাণহানি এড়ানো যেত। এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে যে, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়শই শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করে থাকে। ফলত, কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের সিনেজগতের এহেন দুর্ঘটনা ঘটে। যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী এবং শিল্পীদের প্রাণহানি ঘটে। তবে দুর্ভাগ্যবশত, এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ধামাচাপা দেওয়া হয় এবং দোষীদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সেই প্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।