
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিট পেয়ে দ্বিতীয়বারের জন্য দাঁড়িয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর বিজেপির হাওয়ায় প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হারতে হয় পরিচালককে। ৪ মে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় রাজকে হেনস্থার মুখে পড়তে হয়। 'চোর চোর' স্লোগানের পাশাপাশি তাঁর গায়ে কাদাও ছোঁড়া হয়। যদিও রাজ কোনও কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যান নীরবে। এই ঘটনার পর রাজ রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যেমন নিয়েছেন তেমনি পাশে পেয়েছেন স্ত্রী শুভশ্রীকে। এই মুহূর্তে শহরের কোলাহল ছেড়ে বিদেশে একান্তে সময় কাটাচ্ছেন টলিউডের এই পাওয়ার কাপল। কিন্তু সেখানেও পিছু ছাড়ল না ট্রোল-কটাক্ষ।
৮ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে রাজ-শুভশ্রী থাইল্যান্ডে সময় কাটাচ্ছেন। আর সেখান থেকেই সি-বিচের সামনে ছবি শেয়ার করেছেন নিজেদের। সি-বিচে রোম্যান্টিক ডিনার ডেটে তারকা দম্পতি। যেখানে শুভশ্রীকে দেখা যাচ্ছে নীল রঙের লং গাউনে আর রাজ পরেছেন কালো রঙের শার্ট আর শর্টস। রাজের পায়ে সাদা রঙের চটি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একের পর কটাক্ষ ধেয়ে আসে তাঁদের দিকে। একজন লেখেন, সেই সাদা চটি। আবার কেউ লেখেন, দিদির চটিটা ফেরত দিয়ে দিন।
এখানেই শেষ নয়, রাজার গায়ে কাদা ছোঁড়া নিয়ে তীর্যক মন্তব্য করা হয় পরিচালককে কটাক্ষ করে। কেউ লিখলেন চোর চোর চোর, আবার কেউ লেখেন, কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে। আবার কেউ লিখেছেন, দেখলেই কাদা ছুঁড়তে ইচ্ছে করে। শুভশ্রীকে দেখেও বলেন কেউ সঙ্গে মেসি যায়নি। তবে এইসব মন্তব্যের পাল্টা কোনও জবাব দিতে দেখা যায়নি রাজ বা শুভশ্রী কাউকেই। বরং তাঁরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন থাইল্যান্ডে। ৮ বছরের বিয়ে বলে কথা, সেটা একটু বিশেষ হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, নির্বাচনে হারার পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রাজ। তিনি স্পষ্ট করেছেন যে, এখন থেকে সম্পূর্ণভাবে নিজের পুরনো ক্ষেত্র অর্থাৎ সিনেমার জগতেই মনোনিবেশ করতে চান। লেখেন, ‘রাজনীতি আমার জন্য নয়, সিনেমা পরিচালনা করেই আমি মানুষকে আনন্দ দিতে চাই।’ সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যে আসা বিজেপি সরকারকেও।