
অসুস্থ রাজেশ শর্মা। গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিনেতার হঠাৎ অসুস্থতার কথা ছড়িয়ে পড়তেই উদ্বেগ তাঁর অনুগামী থেকে শুরু করে, টলিউড- বলিউডের শিল্পীরা। এখন কেমন আছেন?
খবর ছড়িয়েছিল, হায়দরাবাদে শ্যুটিং করার সময়ে বিষাক্ত মাকড়সার কামড় থেকে গুরুতর সংক্রমণ ঘটেছে রাজেশের শরীরে। বুধবার, সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এই খবর দিয়েছিলেন। বলেছিলেন, অত্যন্ত সংকটজনক তিনি। পরে অবশ্য তিনি সেই পোস্টটি মুছে দেন সোশ্যাল মিডিয়া থেকে।
তবে, সংবাদমাধ্যমকে অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা জানান, ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কোনও পোকা কামড়ায়নি অভিনেতাকে। এমনকি, তিনি জানান, হায়দরাবাদে শ্যুটিং করার সময়ে কোনও কিছু ঘটেনি। তাঁরা বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন এবং রবিবার আচমকাই অভিনেতার পায়ে সংক্রমণ হয়। সবটাই হয়েছে হাই সুগার থেকে। সুগার থাকলে সংক্রমণ তাড়াতাড়ি ছড়ায়। পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়ায়নি। শুভাশিস বলেন, ভুল তথ্যের জেরে সবাই খুবই উদগ্রীব হয়ে পড়েছেন। তিনি আরও জানিয়েছেন রাজেশ এখন ভাল আছেন।
বাংলা ডট আজতক ডট ইন-কে হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন স্থিতিশীল আছেন রাজেশ শর্মা। সাধারণ বেডেই রয়েছেন এখন। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ অভিজিৎ ভট্টাচার্যের অধীনে তাঁর চিকিৎসা চলছেন। শুক্রবার হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন দেওয়া হতে পারে। এরপরই সবিস্তারে জানা যাবে, ঠিক কী ঘটেছে এবং তাঁর স্বাস্থ্যের খুঁটিনাটি।
রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অক্ষয় কুমারও। বৃহস্পতিবার, বলিউড অভিনেতা ট্যুইট করে লেখেন, "শ্যুটিংয়ের সময় পোকামাকড়ের কামড়ের পর আমার প্রিয় বন্ধু রাজেশের স্বাস্থ্যের অবস্থার কথা শুনে খুব উদ্বিগ্ন। আশা করি মহাদেব ওঁকে দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার আশীর্বাদ করবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু। এখনও একসঙ্গে বসে অনেক মজা করা বাকি...।"
প্রসঙ্গত, টলিউড থেকে বলিউড, নিজের অভিনয় দক্ষতায় সকলের মন বারবার জয় করেছেন রাজেশ। 'পারমিতার একদিন', 'পরীণিতা' থেকে শুরু করে 'দ্য ডার্টি পিকচার', 'নো ওয়ান কিল্ড জেসিকা', 'এমএস ধোনি' কিংবা 'মিশন রানিগঞ্জ'-র মতো ছবিতে তাঁর দাপুটে উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে বারবার। সম্প্রতি 'নয়ন রহস্য' বা 'দ্য একেন'-র পর্দাতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। দুই ইন্ডাস্ট্রিরই অত্যন্ত সুপরিচিত ও ভরসার নাম রাজেশ শর্মা।