
রবিবার বিগ বস-এর ঘর থেকে জয়িতা চট্টোপাধ্যায় এলিমিনেট হওয়ার পর বাড়ির অন্যান্য সদস্যদের মন খারাপ হলেও, জিতু কামালের ধামাকেদার এন্ট্রি হতেই বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। বাংলা ইন্ডাস্ট্রির লিডিং হিরো জিতু, বিগ বস-এর প্রবেশ করবেন, তা বাড়ির সদস্যদের কেউই ভাবতে পারেননি। তবে জিতুকে দেখেই মুখের রং বদলে যায় আর এক ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের। জিতুর এন্ট্রির পর থেকেই রাজবীর একেবারে চুপ হয়ে যান। আর রবিবার জিতু-রাজবীর সামনা সামনি হতেই খেলা যে অন্যদিকে ঘুরবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জিতু ঘরে ঢুকতেই সকলেই বেশ হতবাক। মনামী, ভরত কল, আলেকজান্দ্রা, দুর্নিবার, ঝিলম, সায়ক, নিরঞ্জন, এঁরা আগে থেকেই জিতুর পরিচিত। যদিও জিতুর এন্ট্রিতে মোটেই খুশি নন নন্দিনী ও রাজবীর। বিশেষ করে রাজবীর যে গেম স্ট্র্যাটেজি নিয়ে এই ঘরে এসেছিলেন, এবার সেটা যে বদলাতে চলেছে, তা বেশ বুঝতে পারছেন তিনি। রবিবারের পর্বে জিতু আসার পর রাজবীর রার বার নন্দিনীর কাছে গিয়ে নায়কের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। নন্দিনীকে বলতেও শোনা যায় যে জিতুর সঙ্গে সিরিয়ালের নায়িকার ঝামেলার কথা। তবে রাজবীর যে একটু ঘাবড়ে গিয়েছেন, তা একেবারে স্পষ্ট। নন্দিনী রাজবীরকে প্রশ্নও করেন, ভয় পেয়েছে নাকি সে?
এদিকে ভিতরে বেডরুমে রাজবীরকে বলতে শোনা যায়, ‘আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওর সঙ্গে কোনো সমস্যা নেই।’ আর রাজবীরকে খোঁচা মেরে নন্দিনী জানতে চাইছেন, ‘বিগ বস গেমে তুমি শুধু ডেস্ট্রয়ার হবে, ও হবে না? তুমি উইক হয়ে যাচ্ছ কেন ওকে দেখে?’ এরপর রাজবীর জবাবে বলেন, ‘আমি জানি না কী করব ওর সঙ্গে। মাথাটা আমার…’ যাতে ফের নন্দিনীর টিটকিরি, ‘ভয় পেয়ে যাচ্ছ কেন?’ নন্দিনী আর রাজবীরের মধ্যে যখন এই কথোপকথন হচ্ছিল তখন বিগ বসের ঘরের প্রতিযোগীরা প্রায় সকলেই নতুন সদস্য জিতু কমলকে নিয়ে ব্যস্ত ছিলেন।
জিতু এসেই প্রথমেই রাজবীরের সঙ্গেই মুখোমুখি হন। রাজবীরের ফিগারের যেমন প্রশংসা করেন তেমনি হঠাৎ করে রাজবীরের হাত টেনে জিতু পাঞ্জা লড়ার চ্যালেঞ্জ ছোঁড়েন তাঁর দিকে। রাজবীর বেশ বিরক্ত হয়েই জিতুকে বলেন যে হাত টানছ কেন তাঁর। যার প্রশ্নের উত্তরে জিতু বলেন, হাত টানার জন্য জিজ্ঞাসা করতে হয় কি? জিতু-রাজবীরের প্রথম দিনের কথোপকথন যে দর্শকদের বেশ পছন্দ হয়েছে তা বলাই বাহুল্য। রাজবীর ও জিতুর হাড্ডাহাড্ডি লড়াই যে এবার জমে উঠবে তা বোঝাই যাচ্ছে।
সোমবারের পর্বে বিগ বস বাড়ির সব সদস্যদের ওপর ভীষণ রেগে গিয়েছেন। বাড়ির মধ্যে ঘুমনো, বাড়ি অপরিষ্কার রাখা, মাইক না পরে কথা বলা ও ক্রমাগত ইংরাজিতে কথা বলা নিয়ে বাড়ির সদস্যদের বকাবকি করেন বিগ বস। এরই সঙ্গে শাস্তিস্বরূপ বাড়ির সব সদস্যদের নমিনেট করা হয়।