
দীর্ঘদিন ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে সেই ধাঁচেই নিজেকে গড়ে ফেলেছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। পরিচালক সায়ন্তন ঘোষালের সাধক বামাক্ষ্যাপা ছবিতে সব্যসাচীর মধ্যেই যেন জীবন্ত হয়ে উঠেছিল বামদেব। বামাক্ষ্যাপার প্রতি তাঁর গভীর বিশ্বাস ও ভালোবাসা ছাড়া এটা একেবারেই সম্ভব হতো না। সব্যসাচী মাসের পর মাস বামার চরিত্রে সিরিয়ালে অভিনয় করে মাতিয়ে দিয়েছেন। গত ২০ নভেম্বর এই ছবি মুক্তি পায়। আর এই ছবি মুক্তি পেতেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে। বক্স অফিস কালেকশন এই দুদিনে কতটা হল আসুন জেনে নেওয়া যাক।
'রামায়ণ' ঝড়ের মধ্যেই সাধক বামাক্ষ্যাপার মুক্তি একদিকে কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। একে তো এই দুই ছবি ভক্তিমূলক আর তার ওপর দেশজুড়ে রামায়ণ সুনামি ছিল দেখার মতো। সেই ঝড়ের রেশ কিছুটা কমার পরই 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তি পায়। এই ছবি দর্শকদের মধ্যে আলোড়ন ফেলেছে। যদিও ছবির প্রচার ছিল দেখার মতো আর এই ছবির প্রিমিয়ায় হয় বামদেবের ঘরে বীরভূমের বোলপুরে। এবার দেখে নেওয়া যাক সাধক বামাক্ষ্যাপা ছবির দুদিনের বক্স অফিস কালেকশন।
sacnilk.com-এর মতে ২০ নভেম্বর এই ছবি মুক্তি পাওয়ার দিন মোট আয় করে ৯ লক্ষ (India Net)। ১২০টি শো-এর মধ্যে ২২ শতাংশ দর্শক এসেছিলেন প্রথমদিন। আর দ্বিতীয় দিনে অর্থাৎ ২১ নভেম্বর এই ছবির আয় লাফিয়ে বেড়ে দাঁড়ায় ২০ লক্ষে (India Net)। শনিবার ১২৫টি শোয়ে দর্শক হয়েছিল ৪০ শতাংশ। এই দুদিনে সাধক বামাক্ষ্যাপা মোট আয় করেছে ২৯ লক্ষ (India Net)। তবে এটা শুধু দুদিনের বক্স অফিস কালেকশন। এই ছবি যে ইতিহাস তৈরি করবে তা বলাই বাহুল্য। হল থেকে বেরোতেই দর্শকদের আবেগ ছিল দেখার মতো। সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সবস্যাচীকে দেখে দর্শকদের চোখের জলই বলে দিচ্ছিল এই ছবি কতটা সফল হতে চলেছে আগামি দিনে।
প্রসঙ্গত, সব্যসাচী এই ছবিতে শুধু বামার চরিত্রে অভিনয় করেননি, তিনি গল্পটা লিখেছেন রিসার্চ করে, চিত্রনাট্য লিখেছেন এবং এই ছবির পরিচালক সায়ন্তন ঘোষালের পাশাপাশি তিনি এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। সুতরাং সাধক বামার সঙ্গে তাঁর প্রসারিত মানস সংযোগ প্রসঙ্গে সংশয় নেই। 'সাধক বামাক্ষ্যাপা' ছবিটির প্রাথমিকভাবে মুক্তির কথা ছিল ৫ নভেম্বর, কালীপুজোর ঠিক আগে। শেষ মুহূর্তে ছবির মুক্তি পিছিয়ে যায়, রামায়ণ এর জন্য। এবং ঠিক হয় ২০ তারিখ মুক্তি পাবে। এই ছবির বেশ কিছু শ্যামাসংগীত আমাদের প্রাচীন ঐতিহ্যের ধন, ফিরে এসেছে মনোময় ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, দেবায়ন বন্দ্যোপাধ্যায়, ও অতনু মিশ্রর কণ্ঠে। সব্যসাচী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পায়েল দে, সাহেব ভট্টাচার্য, শঙ্খদীপ ব্যানার্জি সহ অন্যান্যরা। ছবির প্রযোজনায় এসভিএফ।