
হিন্দি সিনেমার কারণে সরতে বসেছিল সাধক বামাক্ষ্যাপা। ২০ নভেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকদের থেকে অভাবনীয় সাড়া পাওয়ার পরও ছবির প্রযোজক এসভিএফ সিদ্ধান্ত নিয়েছিল যে এই ছবির প্রদর্শন আগামী শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হবে। নেপথ্যে কারণ ছিল ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে রাজশ্রী প্রোডাকশন ও যশরাজ ফিল্মস পরিবেশিত ইয়ে প্রেম মোল লিয়া। যার জেরে প্রাইম টাইম পেতে সমস্যা হচ্ছিল সাধক বামাক্ষ্যাপার। এই ছবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সামনে আসার পরই নড়েচড়ে বসে টলিউড। প্রতিবাদের সুর চড়ে সর্বস্তর থেকে। এরপরই মঙ্গলবার দুপুরে নবান্নে হল-মাল্টিপ্লেক্সের মালিকদের সঙ্গে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশক-সহ অনেক তারকাই। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদের পাশাপাশি সিনেপরিবেশক শতদীপ সাহা এবং হলমালিক অরিজিৎ দত্তরা। অন্যদিকে ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বামাক্ষ্যাপা ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল এই বৈঠকে কী আলোচনা হল সেই প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী সকলের কথা শুনেছেন। বামাক্ষ্যাপা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন যে কোনও সিনেমাহল যদি বামাক্ষ্যাপা চালাতে অস্বীকার করে, তাহলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে এবং শোকজ করা হবে বলে কড়া ভাষায় বলেছেন। পরিচালক আশা করছেন এরপর হয়তো সাধক বামাক্ষ্যাপার প্রদর্শন আর বন্ধ হবে না। তিনি এও জানান যে এটাই দাবি ছিল যে একটা চালু সিনেমা, যেটা ব্যবসা করছে, সেটা কী করে তুলে দিতে পারে? এটা শোনার পরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বামাক্ষ্যাপাকে শো দিতেই হবে প্রাইম টাইমে। মিটিংয়ে হল মালিকদের ধমক দিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না। প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা, সেকথাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে এদিনের বৈঠকে শুধু সাধক বামাক্ষ্যাপা নিয়ে আলোচনা হয়নি, অন্যান্য বিষয়গুলিও উঠে আসে। এর আগে প্রাক্তন সরকার প্রাইম টাইমে বাংলা ছবিকে শো দেওয়ার কথা সিদ্ধান্ত নিলেও, তা এতদিন কার্যকর হয়নি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু এই বিষয়ে জানিয়েছেন যে এটা কড়াভাবে আজ (মঙ্গলবার) থেকেই পালন করতে হবে। ৩টে থেকে ৯টার মধ্যে বাংলা ছবিকে শো দিতেই হবে, কোনও বাহানা-অজুহাত শোনা হবে না বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। বামাক্ষ্যাপার জন্য সবাইকে এগিয়ে আসতেই হবে। আপাতত ৫১টি শো আছে। পাশাপাশি সিনেমাহলের সংখ্যা কমে যাওয়ার সমস্যা মেটাতে নতুন ৫১টি হল তৈরির সিদ্ধান্ত বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ডিস্ট্রিবিউটার, প্রযোজক ও হল মালিকদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে এই মাসের মধ্য়ে একটা কমিটি গঠন করে রিপোর্ট জমা দেওয়া হোক। সবটাই গুরুত্ব দিয়ে দেখা হবে।
আগামী শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রেক্ষাগৃহের সফর থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছিল সংশ্লিষ্ট মহল। প্রদর্শকরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং একটি সুষ্ঠু সমাধানে পৌঁছনো যাবে— এমনটাই আশা করেছিলেন নির্মাতারা। অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও নির্দেশে সমস্যার সমাধান হল।