
রাহুল মহাজন মানেই বিতর্ক। একাধিক বিয়ে করে চর্চায় থেকেছেন প্রাক্তন মন্ত্রী প্রমোদ মহাজনের ছেলে। রিয়্যালিটি শো তারকার জীবনে সম্পর্ক নিয়ে বহুবার চড়াই-উৎরাই দেখা গিয়েছে। মন্ত্রী-পুত্র তিন বার বিয়ে করেছেন, কিন্তু তনবারই তা ব্যর্থ। তবে এতবার বিযে ভাঙার পরও রাহুলের ভালোবাসার প্রতি বিশ্বাস রয়েছে অটুট। তিনি এখনও প্রেমে বিশ্বাস করেন।
এক পডকাস্টে রাহুলকে চতুর্থবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে রাহুল যেটা বলেন, তা শুনে হতবাক সকলেই। তিনি বলেন, 'আমি চতুর্থবার বিয়ে করতে চাই। আমি মনে হয় এই দুনিয়ায় প্রথম যে এখনও বিয়েতে বিশ্বাস করি।' তিনি এও বলেন, 'আজকের প্রজন্ম বিয়ে করতে চায় না। কিন্তু আমি ওরকম নই। যদি আজও কাউকে আমার ভাল লাগে, তাহলে আমি সেই বিষয়ে ভাববো।' তিনি বলেন, 'সেই ব্যক্তিকে ৬ মাস বা এক বছর পর্যন্ত ভাল করে চিনবো, জানবো। আমি কেন চতুর্থবার বিয়ে করব না, কেন হার মেনে নেব?'
রাহুল মহাজন বলেন, 'যদি বলি আমি চতুর্থবার বিয়ে করব না, তাহলে এর অর্থ হল আমার সব দুঃখ আবর্জনায় চলে গেল। কখনও আশা ছড়তে নেই। আমি রোম্যান্স খুব ভালোবাসি।' প্রসঙ্গত, রাহুল প্রথম বিয়ে করেন ২০০৬ সালে। ১৩ বছরের বন্ধু পেশায় পাইলট শ্বেতা সিংকে। স্ত্রী শ্বেতার গায়ে মাঝেমধ্যেই হাত তুলতেন রাহুল মহাজন। ফলত বছর দুয়েকের মধ্যেই ভেঙে যায় সেই বিয়ে। দ্বিতীয় বার বিয়ে করেন টিভি পর্দায়। একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে জীবনসঙ্গিনী খুঁজে নেন তিনি। ‘রাহুল দুলহনিয়া লে জায়েগা’ শোয়ে নিজের পাত্রী নির্বাচন করেন। বিয়ে করেন কলকাতার মডেল ডিম্পি গঙ্গোপাধ্যায়কে। ২০১০ সালে বিয়ে হয় তাঁদের। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই রাহুলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন ডিম্পি। আদালতে মামলাও হয়। অবশেষে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ।
তার পর মাঝে চার বছরের বিরতি। ২০১৮ সালে এক বিদেশিনীকে বিয়ে করেন রাহুল। বছর পাঁচেকের সংসারও ভেঙে যায় রাহুলের। মাঝে একটি নাচের রিয়্যালিটি শোয়ে দেখা যায় তাঁদের। তবে তিন নম্বর বিয়েও সুখের হল না রাহুলের। তিন নম্বর বিয়ে ভাঙার পর আঘাত পান রাহুল, দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন তিনি। তবে ভালবাসার প্রতি আশা এখনই ছাড়ছেন না রাহুল।