
বড়পর্দায় ফের নিজের ম্যাজিক দেখাতে আসছেন কিং শাহরুখ খান (Shah Rukh Khan)। শাহরুখের এই ছবি নিয়ে দর্শকদের দীর্ঘদিনের প্রচতীক্ষা ছিল। কিং ছবিতে এসআরকে-এর অ্যাকশনই শুধু দেখা যাবে না, এর সঙ্গে বলিউড বাদশার সেই চেনা সোয়াগ ও রোম্যান্সও দেখতে পাবেন দর্শকেরা। কিং ছবি নিয়ে ইতিমধ্যেই তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু তুঙ্গে। এবার King ছবির নতুন পোস্টার সামনে এসেছে, যেখানে শাহরুখের নয়া অবতার দেখে মুগ্ধ তাঁর ফ্যানেরা।
হাতে পিস্তল আর ঠোঁটে গোলাপ আর ভয়ানক অভিব্যক্তি নিয়ে নতুন পোস্টারে দেখা গিয়েছে শাহরুখ খানকে। নতুন এই পোস্টার বলে দিচ্ছে যে এই ছবিতে অ্যাকশ-রোম্যান্স দুটোই থাকছে। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বছর ঘুরে আবারও আসছে শাহরুখের জন্মদিন। আর তার আগেই নতুন চমক দিলেন সকলের প্রিয় কিং খান। তাঁর নতুন ছবির অফিসিয়াল পোস্টার এল সামনে। শাহরুখের নতুন লুকের পাশাপাশি তাঁর দেওয়া ক্যাপশনও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
'কিং' ছবির নতুন পোস্টারে শাহরুখকে দেখা যাচ্ছে একেবারে সোয়াগ অবতারে। তাঁর পাকা চুল, বুক খোলা কালো শার্ট ও তার ওপরে থাকা ব্লেজার, হাতে বন্দুক আর ঠোঁটে গোলাপ। দাউ দাউ করে জ্বলা আগুনে সুড়ঙ্গ দিয়ে হেঁটে আসছেন শাহরুখ। সুপারস্টারের এই কিলার ভঙ্গীমা ঘুম উড়িয়ে দিয়েছে তাঁর ভক্তদের। ক্যাপশনে লেখা, আজ ফির ইয়াদ আয়া...কাতিল নেহি, আশিক হু (আজকে আবার মনে পড়ল...খুনী নই...আমি প্রেমিক)। এই পোস্টার সামনে আসতেই ফের শাহরুখকে নিয়ে চর্চা তুঙ্গে। একদিকে শাহরুখ খানের এই লুক যেমন ভয়ানক, তেমনি রোম্যান্টিক ছোঁয়াও রয়েছে সেখানে।
এই বছর ২৪ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের একদিন আগে সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাবে। আর মাত্র কয়েকটা দিনই অপেক্ষা করতে হবে শাহরুখ-ভক্তদের। ২৪ ডিসেম্বর এবং তার আগে পরেও কিছু বলিউড ছবি মুক্তির কথা রয়েছে। শাহরুখের কিং-এর সঙ্গেই টক্কর দিতে হবে এইসব ছবিগুলিকে। ‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে পাকা চুল, মুখভর্তি দাড়ি আর রুক্ষ চেহারায় শাহরুখের নতুন অবতার নিয়ে শুরু হয়েছিল আলোচনা। এবার অফিসিয়াল পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।
নিজের ৬০তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার এক অনুষ্ঠানে কিং-এ তাঁর চরিত্র নিয়ে কথা বলেছিলেন শাহরুখ। জানিয়েছিলেন, চরিত্রটি নির্মম এবং তার মধ্যে ধূসর ছায়া রয়েছে। কিং-এ শাহরুখের সঙ্গে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি ও অনিল কাপুর। ছবির প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স।