
কখনও দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে, কখনও বা শাসক দলের অনুষ্ঠানে উন্নয়নের পাঁচালী গেয়ে আবার কখনও বা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে কালীপুজোতেও দেখা গিয়েছে। সেই সময় থেকেই শোনা যাচ্ছিল এবার গান গাওয়ার পাশাপাশি রাজনীতিতেও নাকি যোগ দিতে চলেছেন ইমন চক্রবর্তী। যদিও যতবারই এই কথা জিজ্ঞাসা করা হয়েছে, গায়িকা ততবারই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের মঞ্চে বঙ্গবিভূষণ সম্মান পেলেন ইমন। প্রসঙ্গত, ইমনের পাশাপাশি নচিকেতা চক্রবর্তী, শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ও বঙ্গবিভূষণ সম্মান পান।
এদিন ইমন চক্রবর্তীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে গায়িকা মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবে খুবই আপ্লুত গায়িকা। ‘তুমি যাকে ভালোবাসো’ থেকে ‘টাপা টিনি’-র লোকজ ছন্দ কিংবা তাঁর মনোমুগ্ধকর কন্ঠে রবীন্দ্রসঙ্গীত, সবেতেই ইমন মন জয় করেছেন শ্রোতাদের। তবে সম্প্রতি তাঁকে শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল সক্রিয়ভাবে।
সম্প্রতি ইমন চক্রবর্তী শাসকদলের অনুষ্ঠানে উন্নয়নের পাঁচালী গাইতে দেখা গিয়েছিল। যা নিয়ে তাঁকে বিস্তর কটাক্ষের মুখেও পড়তে হয়। এ বছর ইমন মহানায়ক সম্মানও পেয়েছেন। শুধু তাই নয়, কিছুদিন আগেও কালীঘাটে বগলা দেবীর নতুন মন্দির উদ্বোধন অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল শিল্পীকে। আর এরপরই তাঁর রাজনীতিতে আসা নিয়ে জল্পনা ওঠে চরমে। তবে ইমন জানিয়েছেন, এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে রাজনীতির মঞ্চ থেকে অনেকটাই দূরের মানুষ। রাজনীতির সঙ্গে তার যোগাযোগ একেবারেই নেই বললে চলে না, তবে এখন তিনি দূরত্ব বজায় রেখে চলেন।
ইমন এক সাক্ষাৎকারে এও জানিয়েছেন যে তাঁর গান দিদি ভীষণ পছন্দ করেন। সেই কথা মুখ্যমন্ত্রী বারংবার ইমনকে বলেছেন। গায়িকার গানের গুণমুগ্ধ শ্রোতা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে গায়িকা বলেন, আমার কাছে যদি কখনও প্রস্তাব আসে, তাহলে আমি নিশ্চয়ই সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলব, আলোচনা করব, ভাববো, দেখব। কিন্তু এখন কিচ্ছু আসেনি। যদিও শোনা যাচ্ছে, অদিতি মুন্সীর নতুন মা হওয়ার কারণে তিনি হয়ত ছাব্বিশের বিধানসভায় প্রার্থী হবেন না। সেক্ষেত্রে ওই এলাকা থেকে ইমন চক্রবর্তীকে দাঁড় করানোর চিন্তাভাবনা করা হচ্ছে।