
৮ জুলাই বুধবার সকলের প্রিয় মহারাজ ৫৩ বছরে পা দিলেন। এদিন মধ্যরাত থেকেই প্রিন্স অফ কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন সেলিব্রেট শুরু হয়ে যায়। আর জন্মদিনের দিনই সৌরভ তাঁর অনুরাগীদের জন্য বড় উপহার নিয়ে এলেন। গত এক-দেড় বছর ধরে সৌরভের বায়োপিক ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল অন্য মাত্রায়। এই বায়োপিকের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। এবার সৌরভের জন্মদিনের দিন সেই বায়োপিকের প্রথম পোস্টার সামনে এল। যেখানে দাদার লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্তকে তুলে ধরা হয়েছে। এরই সঙ্গে জানানো হয় যে সৌরভের বায়োপিক কবে মুক্তি পাবে?
বেশ কিছুদিন ধরেই মহারাজের বায়োপিক নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। অভিনেতা ইতিমধ্যেই শহরের আনাচে কানাচে, ইডেন গার্ডন্সে শ্যুটিং সেরে ফেলেছেন। ৮ জুলাই সৌরভের জন্মদিনের সেই বিশেষ মুহূর্তে সামনে এল ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ (Dada – The Sourav Ganguly Story) ছবিটির বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক পোস্টার। যেখানে রাজকুমার রাওকে দেখা যাচ্ছে সৌরভের চরিত্রে।
পোস্টারে লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে খালি গায়ে ভারতের নীল জার্সি ওড়ানোর সেই অবিস্মরণীয় মুহূর্তটিকে পুনরায় ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সৌরভ নিজে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্টারটি শেয়ার করেছেন। ছবিতে রাজকুমারের কভার ড্রাইভ দেখার জন্য যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাও স্পষ্ট জানিয়েছেন স্বয়ং দাদা। সৌরভ এই পোস্টার শেয়ার করে লেখেন, সেরা উপহার! তোমার কভার ড্রাইভ দেখার জন্য অপেক্ষা করছি। কবে মুক্তি পাচ্ছে সৌরভের এই বায়োপিক? ১৪ মে, ২০২৭-এ এই ছবি মুক্তি পাবে। অর্থাৎ দর্শকদের একটা বছর অপেক্ষা করতে হবে।
এই বছরের এপ্রিল থেকেই পরিচালক বিক্রমাদিত্য মোতায়ান এই স্পোর্টস বায়োপিকের শ্যুটিং শুরু করে দিয়েছিলেন। সৌরভের কলকাতার বাড়ি, আরিয়ান ক্লাব থেকে শুরু করে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে হয়েছে ছবির গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং। কলকাতার পর্ব চুকিয়ে মুম্বইতেও ছবির কাজ এগিয়েছে দ্রুত গতিতে। ছবিতে সৌরভ-ডোনার প্রেমপর্ব থেকে গ্রেগ চ্যাপেলের সঙ্গে সেই বহুচর্চিত সংঘাতের অধ্যায়, সবই নিখুঁতভাবে সেলুলয়েডে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন নির্মাতারা। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে মহারাজের মা-বাবার ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যকে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে এবং ডোনার চরিত্রে অভিনয় করবেন তানিয়া মানিকতলা। ইতিমধ্যেই তাঁদের লুকস প্রকাশ্যে এসেছে।