
বাংলা ইন্ডাস্ট্রির অন্দরে কত কিনা চলে, তার হিসাব রাখা বেশ কঠিন। বিশেষ করে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক থেকে পেশাগত জীবনের খুঁটিনাটি সবটা নিয়েই মুচমুচে আলোচনা চলতেই থাকে। তবে ইন্ডাস্ট্রির কোনও খবরই চাপা থাকে না। ফাঁক ফোকর দিয়ে ঠিকই তা বেড়িয়ে পড়ে। এই যেমন টলিউডের এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকমাস ধরেই গুঞ্জন তুঙ্গে। যদিও নায়িকা এই বিষয়ে টুঁ শব্দটি করেননি। তবে ওই যে রবি ঠাকুরের গানের লাইন গোপনও কথাটি রবে না গোপনে, সেরকমই এই নায়িকার পরিবারের অন্দরের খবর আর আড়ালে নেই।
টলিউডের এই সফল নায়িকার দিদিও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। ছবি-সিরিজ সহ সিরিয়ালেও মুখ দেখিয়ে ফেলেছেন। তবে হ্যাঁ, বোনের মতো সফল নায়িকা হয়ে উঠতে পারেননি। শোনা যায়, ইন্ডাস্ট্রিতে দিদির মাধ্যমেই বোনের সফর শুরু হয়েছিল। কিন্তু বোন নায়িকার খাতায় নাম লিখিয়ে ফেললেও দিদি অনেক পরে অভিনয়ে পা রাখেন। যদিও পেশাগত সাফল্য দিদি-বোনের সম্পর্কে কোনও সময়ই বাধা হয়ে দাঁড়ায়নি। বরং দিদি-বোনের সম্পর্ক দারুণ। এই তো কিছুমাস আগে পর্যন্ত নায়িকার শ্বশুরবাড়ির যে কোনও অনুষ্ঠানেই দেখা যেত দিদিকে। কিন্তু টলিপাড়ার জোর গুঞ্জন, এখন সেই সম্পর্কে বিরাট ফাটল ধরেছে।
একই ইন্ডাস্ট্রিতে থাকলেও তাঁদের দেখা-সাক্ষাৎ একরকম বন্ধ বলেই শোনা যাচ্ছে। দিদি-বোন কথাও বলেন না আর। দুজনকে একসঙ্গে আগের মতো দেখাও যাচ্ছে না। নায়িকার বাড়ির একাধিক অনুষ্ঠানের ছবি সামনে এলেও সেখানে দেখা নেই দিদি এবং তাঁর ছেলের। অথচ একটা সময়ে দিদির ছেলেকে নিজের প্রথম সন্তান বলতেন নায়িকা। মাসির সঙ্গে বোনপোর একাধিক ছবিও দেখা যেত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বর্তমান সময়ে নায়িকার সোশ্যাল মিডিয়া পেজে দিদি বা দিদির ছেলের সঙ্গে আর কোনও ছবি দেখা যায়নি। দুই বোনের মধ্যে কী নিয়ে বিবাদ, তার নেপথ্যের কারণও অজানা।
দুই বোনের কেউই এই নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। তবে ইন্ডাস্ট্রির কানাঘুঁষো, একজনের উন্নতি অন্যজনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর তাই নাকি দুই বোনের মধ্যে এই ফাটল। আর সেটা হওয়াটা খুব অস্বাভাবিক নয়। বোন ইন্ডাস্ট্রির সফলতম নায়িকা, তাঁর স্বামীও ব্যস্ত পরিচালক। নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে। কিন্তু সেখানে অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি দিদির। টলিপাড়ার অন্দরের ফিসফাস, বোনের পরিচয়েই নাকি দিদির পরিচয়, আর সেটাই নাকি গলধঃকরণ হচ্ছে না অভিনেত্রী-দিদির। তিনিও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন।
আবার অনেকে এটাও বলছেন, তাঁদের দু’জনের মধ্যে সন্তানদের কেন্দ্র করে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে তাঁরা, মা এবং বাবা দু’জনের দায়িত্ব সমান ভাবে পালন করছেন। তা নিয়ে কোনও মতানৈক্য হয়নি। সম্প্রতি দিদি তাঁর বোন ও জামাইবাবুকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে বেশ চর্চাও হয়। এখন নায়িকার কোনও ইভেন্ট বা ছবির প্রিমিয়ারেও দেখা যায়না দিদিকে। শোনা যাচ্ছে, দুজনের কেউই এই বিবাদ মেটানোর চেষ্টাও করছেন না।