
'বিগ বস' বাংলায় ঘটছে একের পর এক ঘটনা। মিড উইক এভিকশনে ইতিমধ্যেই বাড়ি ছেড়েছেন দীপেন্দু ও ঝিলম। মাঝে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঢুকেছিলেন অনুষ্কা। কিন্তু তিনিও খুব বেশিদিন বাড়িতে টিকতে পারেননি। তবে এবার শোনা যাচ্ছে নতুন করে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে। আর সেখানে একজন নয়, দুজন এন্ট্রি করবেন বাড়িতে। ইন্ডাস্ট্রির খুব চেনা মুখেরা বিগ বসের বাড়িতে প্রবেশ করতে চলেছে। শোনা যাচ্ছে, সৌরভ দাস ও রণিতা দাস বিগ বস-এর ঘরে ডাবন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে ঢুকতে পারেন।
অন্দরের খবর, প্রতিযোগীদের টেক্কা দিতে এবং খেলার মোড় এক ধাক্কায় ঘুরিয়ে দিতে বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন নতুন দুই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। প্রথমজন অভিনেতা সৌরভ দাস এবং দ্বিতীয় চমকটি হলেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস, যাঁকে দর্শকেরা আজও চেনেন ‘বাহামণি’ হিসেবে। রণিতা ও সৌরভের এই ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘিরে টলিপাড়ায় তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও সৌরভ ও রণিতার পক্ষ থেকে এখনই এই বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণিতা বলেছিলেন যে তিনি বিগ বসের ঘরে এন্ট্রি নিলে সেখানকার দরজা ধরে এমন কান্নাকাটি জুড়ে দেবেন যে ঘরের লোক নিজেরাই অতিষ্ঠ হয়ে তাঁকে বার করে দিতে বাধ্য হবেন। রণিতা বাড়ির ভেতরে গিয়ে কী খেলা দেখায় এখন সেটাই দেখার। অপরদিকে, জিতু কমলের পর ইন্ডাস্ট্রির সৌরভ দাস এবার বিগ বস-এর ঢুকবে বলে শোনা যাচ্ছে। তাঁর সঙ্গে বাকিদের সমীকরণ কেমন হবে, কার সঙ্গে বেশি ভাব আর কাকে প্যাঁচে ফেলবেন সৌরভ, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
আসলে শো শুরু হওয়ার সময় থেকেই সৌরভের যুক্ত হওয়া নিয়ে ব্যাপক চর্চা চলছিল। কিন্তু শেষ মুহূর্তে মায়ের শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি এবং তাঁর জায়গায় অনুষ্কাকে দেখা গিয়েছিল। বর্তমানে ‘রাঁধুনি না কাঁদুনি’ শো-তে নজরকাড়া সৌরভ দাস তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত। শারীরিক অসুস্থতার কারণে বিগ বস থেকে চলে যেতে হয়েছে ঝিলমকে আর তার আগের দিনই বিগ বস ছাড়েন অনুষ্কা। ফলে ঘরের পরিবেশ কিছুটা হলেও ম্রিয়মান। আর সেই আবহকে চাঙ্গা করতেই বিগ বস-এ এন্ট্রি নেবেন সৌরভ-রণিতা।