
ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এই পরিপ্রেক্ষিতে শ্রাবন্তী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে অভিযুক্তের সঙ্গে তাঁর সরাসরি কোনও সম্পর্ক নেই। তাই নায়িকার নাম যেন কোনওভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত করা না হয়।
কী লিখলেন শ্রাবন্তী? নায়িকা লিখেছেন, 'আমাকে অর্ঘ্য মুখার্জি বলে একজন ম্যানেজ করতেন, যিনি ১৩, অনন্ত দেব মুখার্জি লেন ষষ্ঠীতলা হাওড়ার বাসিন্দা...ট্যালেন্টওয়ালা কোম্পানি যেহেতু আমার সঙ্গে যুক্ত এবং আমার সব কিছুর দেখভাল ২০২৪ সাল থেকে এরাই করে আসছে এবং অর্ঘ্য এই সংস্থার সহকর্মী। ট্যালেন্টওয়ালা আমাকে এই ব্যক্তির সঙ্গে পরিচয় করায়।' শ্রাবন্তী লেখেন, 'বর্তমানে এটা আমি জানতে পেরেছি যে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে, যেটা শোনার পর আমার নিজেরই বিরক্ত লাগছে। আমি ওই ব্যক্তির ব্যক্তিগত কোনও বিষয় সম্পর্কে যেহেতু কিছুই জানি না, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাই আমার আপ্ত সহায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দিলাম আর ট্যালেন্টওয়ালাকেও অনুরোধ করব যে এই বিষয়ে তারাও যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। সকলের জ্ঞাতার্থে এটা জানানো হল।'
ইন্ডাস্ট্রিতে ওই অভিযুক্ত শ্রাবন্তীর আপ্ত সহায়ক হিসাবেই পরিচিত। যৌন হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদমাধ্যম জানিয়েছে। সোমবার তাঁকে হাওড়া আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করেন অভিযুক্ত। অভিযোগকারিণী তাঁরই সহকর্মী বলে জানা গিয়েছে। ওই অভিযোগকারিণী ধর্ষণের অভিযোগ আনেন অর্ঘ্যর বিরুদ্ধে।
রবিবারই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অভিযোগকারিণী বা অভিযুক্তের পরিবারের তরফেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। শ্রাবন্তীর এই পদক্ষেপের পর টলিপাড়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, এটি শুধুমাত্র প্রশাসনিক ও পেশাগত সিদ্ধান্ত, এবং মামলার বিষয়ে তিনি কোনও ব্যক্তিগত মন্তব্য করছেন না।