
এই পুজোতেই 'দেশু৭'-এর হাত ধরে বড়পর্দায় ফিরেছেন প্রাক্তন জুটি দেব-শুভশ্রী। পুরনো সব মান-অভিমান ভুলে নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। আর চলতি বছরে এই ছবির ঘোষণার পর থেকেই দেব-শুভশ্রীকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। দেশু৭ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন এই তারকা জুটি। ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে শোনা যাচ্ছিল চিড় ধরেছে নাকি রাজ-শুভশ্রীর সংসারেও। কিন্তু ৩ নভেম্বর নায়িকার জন্মদিনে রাজ বুঝিয়ে দিলেন যে তাঁর কাছে শুভশ্রী কতটা গুরুত্বপূর্ণ। তবে টুইস্ট ছিল বার্থডে পার্টিতে। এদিন জন্মদিনের পার্টিতে দেব না থেকেও ছিলেন। কীভাবে জানেন? জন্মদিনে দেশু জুটির সাতটি ছবির থিমের কেক কাটলেন লেডি সুপারস্টার। সেই ভিডিও ভাইরাল নেটপাড়ায়।
বার্থডে পার্টিতে শুভশ্রী পরেছিলেন কালো রঙের শর্ট অফ শোল্ডার ড্রেস। জন্মদিনে আলাদাই চমক ছিল নায়িকার চোখে-মুখে। এদিন রাজের আনা গোলাপি রঙের কেক যেমন কাটেন তেমনি দেব-শুভশ্রী থিমের কেকও কাটতে দেখা যায় নায়িকাকে। হাসিমুখে দৈত্যাকার কেকে ছুরি বসাতে দেখা গেল নায়িকাকে। যে কেক বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দেব-শুভশ্রী জুটির সাত-সাতটি সিনেমার ছবি দিয়ে।
নজর কাড়ল কেকটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রথম সিনেমা চ্যালেঞ্জ থেকে পরাণ যায় জ্বলিয়া, রোমিও, খোকাবাবু, খোকা ৪২০, ধূমকেতু ও শেষ থবি দেশু৭-এর ছবি। এই কেক দেখে একেবারে হাসিমুখেই কাটলেন শুভশ্রী। তাঁর হাসি দেখেই বোঝা যাচ্ছিল যে নায়িকা কতটা খুশি এই কেক দেখে। পাশেই দাঁড়িয়ে ছিলেন রাজ, যিশু সহ অন্যান্য অতিথিরা। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন কেন দেব নেই শুভশ্রীর বার্থডে পার্টিতে? অনেকেই মনে করছেন যে দেব ও শুভশ্রী শুধুই পেশার খাতিরে একে-অপরের কাছাকাছি এসেছেন। কিন্তু তাঁদের পারিবারিক অনুষ্ঠানে এঁদের কাউকেই দেখা যাবে না। যেমনটা দেবের বাড়ির গণেশ পুজোতেও দেখা যায়নি শুভশ্রীকে।
দেব ও শুভশ্রীর দেশু৭ মুক্তি পায় ১৬ অক্টোবর। বছরের প্রথম থেকে এই ছবি ঘিরে যতটা উত্তেজনা দর্শকদের মধ্যে ছিল, ততটা সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। পুজোয় মুক্তি পাওয়া আরও তিন ছবির তুলনায় অনেকটাই কম আয় হয়েছে দেশু৭-এর। যদিও প্রচার দেখে মনে হয়েছিল ঝড় তুলতে পারে দেশু৭। পরবর্তীকালে দেব ও শুভশ্রীকে আর কোনও ছবিতে দেখা যায় কিনা এখন সেটাই দেখার।