
গোটা বাংলা জুড়ে সাধক বামাক্ষ্যাপা দেখার হিড়িক পড়েছে। সোশ্যাল মিডিয়ার নিউজফিডে শুধুই সাধক বামাক্ষ্যাপা ছবির ক্লিপিংস আর দর্শকদের মুখে একটাই কথা আহা! কী দেখলাম! অভিনেতা সব্যসাচী চৌধুরীর মধ্যে সাক্ষাৎ বামাদর্শন করেছেন দর্শকেরা। গত ২০ নভেম্বর মুক্তি পায় পরিচালক সায়ন্তন ঘোষাল ও এসভিএফ প্রযোজিত সাধক বামাক্ষ্যাপা ছবিটি। দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এই ছবি। হল ভিজিটে গিয়ে যার প্রমাণ পেয়েছেন পরিচালক সহ পর্দার বামা সব্যসাচী নিজেও। কিন্তু এক সপ্তাহ পেরোল না তারই মধ্য়ে এই ছবি হল থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল এসভিএফ। নেপথ্যে সেই একই কারণ। যার জন্য বারংবার বাংলা ছবিকেই ভুক্তভোগী হতে হয়। রামায়ণ-এর পর আরও একটি হিন্দি ছবির জন্য সাধক বামাক্ষ্যাপাকে সরে যেতে হবে। bangla.aajtak.in-এর কাছে এই নিয়ে মুখ খুললেন পরিচালক সায়ন্তন।
প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফ থেকে বলা হয়েছে, 'আগামী শুক্রবার রাজশ্রী প্রোডাকশন্স প্রযোজিত এবং যশ রাজ ফিলম্স পরিবেশিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাচ্ছে। তাই ওই দিন থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির জন্য পর্যাপ্ত শো রাখা সম্ভব হবে না বলে প্রদর্শকদের তরফে আমাদের জানানো হয়েছে।' এর জেরে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটিকে প্রেক্ষাগৃহ থেকে পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। প্রযোজনা সংস্থার সিদ্ধান্তের পাশে থাকলেও স্বাভাবিকভাবেই মন থেকে ব্যাপারটা মেনে নিতে পারছেন না পরিচালক সায়ন্তন। তিনি বলেন, 'এই নিয়েই প্রযোজকদের সঙ্গে বৈঠক হয়েছে। প্রযোজকদের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট আর আমরা ওঁনার পাশে আছি। বাংলা সিনেমার সঙ্গে এই ধরনের পক্ষপাত আগেও হয়েছে, এখনও হচ্ছে। সাধক বামাক্ষ্যাপা শুক্রবার মুক্তির পর থেকেই, শুক্র, শনি, রবি, সোমবার পর্যন্ত এই ছবির টিকিট বিক্রি দেখার মতো। দর্শকেরা এত ভালোবাসা দিয়েছে ছবিটাকে, আমাদের তো নতুন করে আর প্রমাণ করার কিছু নেই।' পরিচালক আরও বলেন, মানুষ দেখতে চাইছে, একটা ভাল সিনেমা তৈরি হয়েছে। বাংলা সিনেমার সঙ্গে বার বার এই পক্ষপাত হয়েই যাচ্ছে। আগামি শুক্রবার রাজশ্রী প্রযোজনার ও যশ রাজ ফিল্মস পরিবেশিত ইয়ে প্রেম মোল লিয়া মুক্তি পাচ্ছে, আবার একই জিনিস শুরু হয়েছে। কিন্তু এটা তো আমাদের বাঙালি, বাঙালি দর্শক ও সর্বোপরি বাঙালি পরিচালক হিসাবে এটা তো চাই যে আমাদের সিনেমাকেও শো দেওয়া হোক।'
সায়ন্তন আরও বলেন, 'এমন তো নয় যে দর্শকেরা এই ছবিটা দেখতে চাইছে না, তাঁরা তো অফুরন্ত ভালোবাসা দিয়েছে এই ছবিটিকে। কাঁদছে হলে বসে। তারপরও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে আর শো দেওয়া যাবে না, শো বাড়ানো যাবে না আর সিঙ্গল স্ক্রিন তো ভুলেই যেতে হবে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। তাই শ্রীকান্ত মোহতা আমাদের প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চান না এই ছবিটি আর প্রদর্শন হোক। প্রযোজক শ্রীকান্ত বৈঠকে জানিয়েছেন যে এই অপমান কেন, বাংলাকেই কেন। প্রতিটি শো হাউসফুল হওয়ার পরেও এই অবস্থা। রামায়ণকে সম্মান জানিয়ে ছবি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কালীপুজোর সময়ই এই ছবি মুক্তি পাওয়ার সেরা সময় ছিল। কিন্তু আমরা রামায়ণকে সম্মান করে এই ছবিটি ২ সপ্তাহের জন্য সরিয়ে দিয়েছি। কিন্তু এখন কেন? দর্শকেরা ছবিটি দেখতে চাইছেন।' সায়ন্তনের কথায়, 'কোনও রাজ্যে এটা হয় না। দক্ষিণ ভারতে সাউথের ছবি কয়েক সপ্তাহ ধরে চলে। বাংলা ছবির ক্ষেত্রেই এটা হয়ে থাকে। এর আগেও একাধিক বাংলা ছবিকে এই সমস্যার মুখোমুখি পড়তে হয়েছিল। এই ভিক্ষাটা কেন করতে হবে? তাই এসভিএফ সিদ্ধান্ত নিয়েছে তারা সাধক বামাক্ষ্যাপা সরিয়ে নেবে সব হল থেকে। ক্ষতি হলে এটা প্রযোজনা সংস্থা সহ সকলের হবে, সেটা হোক। কিন্তু এই অপমান কেন সহ্য করব? বাংলার মানুষকে অপমান করা হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক।'
প্রসঙ্গত, সাধক বামাক্ষ্যাপা মুক্তি পাওয়ার কথা ছিল ৫ নভেম্বর, কালীপুজোর দিনেই। কিন্তু সেই সময় নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ মুক্তির দিন নির্ধারিত হয়। সাধক বামাক্ষ্যাপা সেই সময় মুক্তি পেলে হল পেত না। তাই মুক্তির দিন পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। দর্শকেরা বিপুল ভালোবাসা দেয় এই ছবিকে। কিন্তু তারপরও একসপ্তাহের মধ্যেই ছবিটি হল থেকে সরিয়ে ফেলতে বাধ্য হল এসভিএফ। আবারও সেই হিন্দি ছবির স্বার্থে ভাল বাংলা ছবিকে সরে আসতে বাধ্য করা হল।