
২০১১ সালে ভোট-পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রীকে। এদিন গড়িয়াহাট থানায় হাজিরা দেন স্বস্তিকা। প্রায় ১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। যদিও থানা থেকে বেরিয়ে স্বস্তিকা সংবাদমাধ্যমকে কিছু না বলেই চলে যান। এবার এই ঘটনায় কবে পরমব্রত চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হবে, সেটাই দেখার।
গত ২১ মে গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন আইনজীবী জয়দীপ সেন। পাঁচ বছর আগে পরমব্রত ও স্বস্তিকার সোশ্যাল মিডিয়ার মন্তব্য ঘিরেই যত সমস্যা তৈরি হয়। জয়দীপ সেনের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে ২ মে ফল ঘোষণার পর পরমব্রত সোশ্যাল মিডিয়ায় রগড়ানি পোস্ট করেছিলেন আর তাতে সমর্থন জানিয়ে মন্তব্য করেন স্বস্তিকা। তাঁদের এই পোস্ট ও মন্তব্য ঘিরে রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন ওই আইনজীবী। গত ৪ মে রাজ্যে বিজেপি সরকার আসার পর পরম ও স্বস্তিকার সেই পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। আর তারই ভিত্তিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয় টলিপাড়ার এই দুই অভিনেতার বিরুদ্ধে।
পরমব্রত ও স্বস্তিকা একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন। গড়িয়াহাট থানার এক ঊর্ধ্বতন কর্তা এই বিষয়ে জানিয়েছেন যে একুশের নির্বাচনের ফলাফলের পর রাজ্যে যে অশান্তির সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে পরমব্রত ও স্বস্তিকার সেই উস্কানিমবলক পোস্ট ও কমেন্ট কতটা জড়িত, তা তদন্ত করে দেখা হবে। বলা হচ্ছে যে ওই ঘটনায় অনেকেই নাকি প্রাণ হারিয়েছিলেন। পুলিশের অধিকর্তা বলেন, আমরা অভিযোগটি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ডিজিটাল প্রমাণ পরীক্ষা করে দেখছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তিনি এও বলেন, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন থানায় ২০২১ সালের নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং এর পাশাপাশি পুরনো কিছু মামলাও পুনরায় খোলা হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন অর্থাৎ ২ মে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেই পোস্টে একটি মন্তব্য করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২৬ সালে পালাবদলের পরে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টটির ছবি নতুন করে ভাইরাল হতে শুরু করে। ওই মামলায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।