
একমাসও হয়নি 'দিদি নম্বর ১'-এর দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। গত ১৫ বছর ধরে দিদি নম্বর ১-এর কুর্সিতে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আচমকাই সেই পুরনো মুখ বদলে যায় এবং রচনার জায়গায় আসেন স্বস্তিকা। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো রচনার মতো এই শো সামলাতে পারবেন না স্বস্তিকা। কিন্তু কয়েকটি পর্বের পরই দর্শকদের সেই ধারণা বদলে যায় এবং নতুন দিদি এখন সকলেরই হট ফেভারিটে পরিণত হচ্ছেন আস্তে আস্তে। কিন্তু যখন স্বস্তিকার কাছে প্রথম প্রস্তাব যায়, তখন অভিনেত্রীর কী প্রতিক্রিয়া ছিল?
'দিদি নম্বর ১'-এর জনপ্রিয়তার পিছনে রচনার ভূমিকা কিছু কম ছিল না। বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। দিদি হিসাবে এক নতুন পরিচয় পান রচনা। ১৫ বছরের সেই পুরনো জুতোতে পা গলান স্বস্তিকা। কেউ কেউ এখনও তাঁকে রচনার জায়গায় মেনে নিতে পারছে না রচনা ভক্তরা। দিদি নম্বর ১ হিসেবে স্বস্তিকাকে শুনতে হচ্ছে নানা নেতিবাচক কথাও। দিদি নম্বর ১-এর অফার পেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কী ভেবেছিলেন? তা এতদিনে জানালেন নায়িকা।
স্বস্তিকা এ বিষয়ে একাধিক সংবাদমাধ্যমকে বলেন, যখন শুনলাম যে দিদি নম্বর ১-এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কথা বলতে চায়, আমি ৫-৬ সেকেন্ড একটু চুপ করেছিলাম, আমি ভেবেছিলাম ইয়ার্কি মারছে। তারপরে একটা ভীতি মনে এল যে বাবা এত বড় একটা কাজ, এত জনপ্রিয় একটা শো এতগুলো বছর ধরে রচনাদি এটা তাঁর কাঁধে নিয়ে বয়েছেন। কী করে করব, কী হবে। এত দিন ধরে যত ভাল নাম কামিয়েছি, অভিনয় করে যা প্রশংসা পেয়েছি, সব মাঠে মারা যাবে। ইনস্ট্যান্ট ভয়-ভীতিগুলো মাথায় চলে এল। এরপর নতুন দিদি বলেন, তারপর মনে এল যে পরতে পরতে আমার জীবনটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ৪০ বছর বয়সে অনেক নায়িকাদের যখন কেরিয়ার প্রায় শেষ হয়ে যায়, তখন আমি মুম্বই গিয়ে একটা নতুন ইনিংস শুরু করেছিলাম। এখানে এখন দাঁড়িয়ে আছি, এই বয়সে এটাও একটা বড় ইনিংস। তিনি আরও বলেন যে তিনি সবসময় আত্মবিশ্বাসী৷ ফলে যাই হয়ে যাক না কেন, তাঁকে যাই করতে হোক না কেন, তিনি ফেল করবেন না।
গত ২৯ জুন থেকে শুরু হয়েছে দিদি নম্বর ১-এর নতুন সিজন। যেখানে রচনার পরিবর্তে দেখা যাচ্ছে স্বস্তিকাকে। দিদি নম্বর ১ ছেড়ে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন চ্যানেল কর্তৃপক্ষকে। তাঁর সঙ্গে অনৈতিক ব্যবহার করেছেন তাঁরা, এমনই অভিযোগ করেছেন রচনা৷ যা নিয়ে বহু বিতর্ক হয়েছে। যদিও স্বস্তিকাকে তিনি শুভেচ্ছাই জানিয়েছিলেন। সঞ্চালিকা বদলের পাশাপাশি নতুন মোড়কে এসেছে এই শো। রয়েছে প্রচুর খেলা ও ২ লক্ষ টাকার প্রাইজ মানি।