
টেলি দুনিয়ার পরিচিত মুখ অভিনেতা ভিভান ঘোষ। একের পর এক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। 'চিরসখা' সিরিয়ালে 'বুবলাই' চরিত্রটি দর্শকদের বেশি করে পছন্দের। নেগেটিভ চরিত্রে অভিনয় করেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা। সেই ভিভানই ভর্তি হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই তাঁর ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
আসলে একটানা সিরিয়ালের কাজ করতে গিয়েই শরীরে একাধিক রোগ ধরা পড়ে। হার্নিয়া, প্রস্টেট-ব্লাডারের সমস্যা রয়েছে ভিভানের। তবে এতদিন নিজের দিকে সময় দিতে পারছিলেন না। অবশেষে শুক্রবার অস্ত্রোপচার করিয়েছেন চিরসখা অভিনেতা। হাসপাতালের বেডে শুয়ে ভিভান নিজের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ভিভান এই ছবি পোস্ট করে লেখেন, সব ঠিক আছে। অস্ত্রোপচার সফল হয়েছে। ধন্যবাদ এত আশীর্বাদ দেওয়ার জন্য।
এক সংবাদমাধ্যমকে ভিভান জানিয়েছেন যে তিনি কাজের মধ্যেই থাকতে ভালোবাসেন। যখন যে কাজ এসেছে, সেটা হাতছাড়া করেননি ভিভান। অভিনেতা জানিয়েছেন যে তিনি প্রতিবারই ভেবেছিলেন যে এই কাজটা হয়ে গেলে তিনি অপারেশন করিয়ে নেবেন। কিন্তু হয়ে উঠছিল না। পেটে ব্যথা থাকলেও, কাজ চালিয়ে নিচ্ছিলেন। ভিভান বলেন, ধারাবাহিকের শ্যুটিং মানেই তো অনেকগুলো ঘণ্টার বিষয়। লে সুযোগ হয়ে উঠছিল না। ‘চিরসখা’ বন্ধ হয়ে যাওয়ার পরে এখন অনেকটা সময় আছে হাতে। তাই ভাবলাম অস্ত্রোপচার করিয়ে নেওয়া ভাল।
অস্ত্রোপচারের পরে এখন সুস্থ আছেন অভিনেতা। আগামী এক মাস তাঁকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই আপাতত বিশ্রামই নেবেন। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর মাঝপথেই বন্ধ হয়ে যায় চিরসখা। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্’-এর ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়েই ঘটে মর্মান্তিক ঘটনা। তার পরেই আর্টিস্ট ফোরামের বক্তব্য অনুযায়ী লীনার সংস্থার সঙ্গে কেউ কাজ না করার সিদ্ধান্ত নেন। তার পরেই রাতারাতি বন্ধ হয়ে যায় ভিভান অভিনীত ধারাবাহিক। সেই সময় চর্চায় এসেছিলেন ভিভান তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য।