
টেলিভিশনের চেনা মুখ ময়না বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল নেত্রীও বটে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে একেবারে সামনের সারিতেই এখন দেখা যায়। মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে অভিনেত্রীকে মুখ খুলতে দেখা গিয়েছে। যা নিয়ে তাঁকে ট্রোলের মুখেও পড়তে হয়। এবার ছটপুজো এবং বিজেপি সরকারের উদ্যোগ নিয়ে সুর চড়ালেন ময়না। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বললেন, আজকে বাঙালিরা অবহেলিত।
কিছুদিন আগেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যে ছটপুজো উপলক্ষ্যে কলকাতার রাস্তা গোলাপ জল দিয়ে ধোওয়া হবে। সেই প্রসঙ্গ তুলে ময়না বলেন, ১৫ ও ১৬ নভেম্বর কলকাতার রাস্তায় গোলাপজল ছেটানো হবে কেএমসির পক্ষ থেকে, ছটপুজোকে কেন্দ্র করে। ভাল উদ্যোগ, এটাকে আমি সাধুবাদই জানাই। ইস্টার্ন রেলের পক্ষ থেকে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে ছটপুজোর গান বাজানো চলছে, ভাল উদ্যোগ, সেটা নিয়ে দ্বিমত প্রকাশের কোনও জায়গা নেই। এরপরই তৃণমূল নেত্রী বলেন, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাঙালিদের যে শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব গেল, তখন কি কোনও আগমনী সঙ্গীত বাজানো হয়েছিল কোনও স্টেশনে? বা কালীপুজোর সময় কোনও স্টেশনে কি শ্যামাসঙ্গীত বাজানো হয়েছে?
এরপরই টেলি অভিনেত্রী বলেন যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না বাঙালিরা কোণঠাসা হয়ে যাচ্ছে? বাঙালিরা এর উত্তর চাইবেন না। ময়না বলেন, আজকে যে বিজেপি সরকার এসেছে ছটপুজোকে কেন্দ্রে করে শিলিগুড়িতে কার্নিভাল হচ্ছে রাস্তায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন, তখন দুর্গাপুজোর কার্নিভাল করতেন, সুন্দর করে, ধুমধাম করে, অনেক আয়োজন করে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে কার্নিভাল করতেন। সেটা নিয়ে কিছু বাঙালির আক্ষেপ, রোষ ছিল, কেন এই সমস্ত হবে। আজকে সেই বাঙালিরা প্রশ্ন করবেন না যে বাঙালিরা কোণঠাসা হয়ে পড়ছে? তৃণমূল নেত্রী জানান যে তিনি কোনও জাত-পাতের বিরোধী নন, বাঙালি সব সংস্কৃতি-কৃষ্টি-উৎসবকে নিজের করে নিতে জানেন। তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন যে দুর্গাপুজো যেন কোথাও ব্রাত্য হয়ে পড়েছে, এই নিয়ে কেন প্রশ্ন উঠছে না।
প্রসঙ্গত, ছাব্বিশে সরকার গঠনে ব্যর্থ হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে মুখ ফিরিয়েছেন বহু আস্থাভাজন। শেষ পর্যন্ত যাঁরা মমতার আঁচলে বেঁধে আছেন তাঁদের মধ্যে অন্যতম ময়না বন্দ্যোপাধ্যায়। কালীঘাটপন্থী ময়নার মোদী বিরোধী পোস্ট ঘিরে বেশ ভালই শোরগোল হয়। বলা ভালো ময়নার পোস্ট নিয়ে বাকবিতণ্ডায় সরগরম নেটপাড়া। কয়েক মাস আগেই যুব তৃণমূল কংগ্রেসের পদ সায়নী ঘোষ ছাড়তেই সেখানে নতুন করে আসেন ময়নার অভিনেতা স্বামী অর্ণব বন্দ্যোপাধ্যায়। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রাক্তন রাজ্য সরকারের ভরাডুবির পরে যখন সকলেই তৃণমূলের সমালোচনা করছেন, দলের একাধিক নেতা সরে দাঁড়াচ্ছেন, গোটা টলিউড জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন অধিকাংশ অভিনেতা - অভিনেত্রী, সে সময়ে দল এবং সুপ্রিমোর পাশে ছিলেন অর্ণব ও তাঁর স্ত্রী ময়না বন্দ্যোপাধ্যায়। মমতার কালীপুজোতেও এসেছিলেন ময়না ও অর্ণব।