
টেলিভিশনের চেনা মুখ কৌশাম্বী চক্রবর্তী। পার্শ্বচরিত্রে অভিনয় করেই তিনি মানুষের মন জয় করেছেন। অভিনেতা আদৃত রায়ের ঘরণীও তিনি। 'মিঠাই' ধারাবাহিকে দিদিয়ার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। তবে তাঁর নেগেটিভ চরিত্রও যে সবার কাছে দারুণ জনপ্রিয় হবে, সেটা তিনি ভাবেননি। রাজ চক্রবর্তীর প্রযোজনায় গৃহপ্রবেশ ধারাবাহিকে তাঁকে বহুদিন ধরেই মোহনা সেনের চরিত্রে দেখা যাচ্ছিল। কিন্তু সেই সিরিয়াল এবার শেষ হতে চলেছে আর তারই সঙ্গে মোহনার চরিত্রকেও অবশেষে বিদায় জানালেন কৌশাম্বী।
ডাঃ মোহনা চরিত্রের বেশ কিছু ছবি পোস্ট করেছেন কৌশাম্বী। এরই সঙ্গে তাঁর চরিত্রের সঙ্গে যে গয়নাগুলি থাকত, যেমন শাঁখা-পলা, কানের দুল, চশমা, ক্লিপ, এই সবকিছুই তিনি ছেড়ে রেখেছেন। আর এরই সঙ্গে ক্যাপশনে কৌশাম্বী লিখেছেন, মোহনা সেন রায় চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসে গেছে। এই চরিত্রে নানা রকম আবেগ ও পরিবর্তনের সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও লিখেছেন অভিনেত্রী। তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থাকে এবং সম্প্রচারকারী চ্যানেল 'স্টার জলসা'কে, যারা তাঁকে মোহনা হওয়ার সুযোগ করে দিয়েছেন।
কৌশাম্বী বরাবরই ইতিবাচক ও শান্ত চরিত্রে অভিনয় করে এসেছেন। এই প্রথমবার গৃহপ্রবেশ সিরিয়ালে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যায়। নিজের চরিত্রের সঙ্গে যথাযথ ন্যায় করেছেন কৌশাম্বী। তাঁর ষড়যন্ত্র, পাগলামি সবটাই দর্শকদের ভীষণ রকম ভালো লেগেছে। আর এই চরিত্রের জন্য তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। মিঠাই ও ফুলকি সিরিয়ালে যে শান্ত কৌশাম্বীকে দেখা গিয়েছিল, গৃহপ্রবেশ-এ তার ঠিক উল্টোটা। কৌশাম্বী তাঁর প্রতিটি কটাক্ষকে বড় প্রাপ্তি হিসাবেই নিয়েছেন।
তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর কৌশাম্বীকে ফের দর্শকেরা দেখতে পাবেন পর্দায়। তাঁকে নতুন চরিত্রে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। স্টার জলসায় শুরু হয়েছে গঙ্গা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে। তবে এই সিরিয়ালেও হয়তো তাঁর চরিত্র নেতিবাচক বলেই মনে করা হচ্ছে। অভিনয়ের পাশাপাশি কৌশাম্বী সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন।