
ছোটপর্দায় ভীষণভাবে পরিচিত শ্যামোপ্তি মুদলি। সিরিয়াল থেকেই শ্যামোপ্তির হাতেখড়ি। তবে সিরিজ ও বড়পর্দাতেও এবার তাঁকে দেখা যাবে। চলতি বছরেই বিয়ে করেছেন শ্যামোপ্তি। রণজয় বিষ্ণুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। কিন্তু টেলিপাড়ার বেশ কিছু নায়িকার মতো শ্যামোপ্তিরও পর্দায় চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে। সম্প্রতি এক পডকাস্টে শ্যামোপ্তি এই নিয়ে কথা বলেছেন।
এক পডকাস্টে শ্যামোপ্তিকে জিজ্ঞাসা করা হয় যে এক পেশায় দুজনে থাকলে একটু সমস্যা হতে পারে, এ প্রসঙ্গে শ্যামোপ্তি বলেন, আমার জীবনের এই যে বড় দুটো কাজ, সেটাতে হ্যাঁ বলার কারণ রণজয়। সেই কাজ দুটো ঠিকঠাকভাবে করার কারণ ও। এরপরই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে এখন তো চুম্বন দৃশ্যে অভিনয় করা যাবে না? অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, আমার প্রথম থেকেই চুম্বন দৃশ্যে আপত্তি ছিল। যদি কোনওদিন সেটা কাটে, সেটা হয়তো রণজয়ের কারণেই কাটবে। শ্যামোপ্তি আরও বলেন, যেরকম আমার কিছু পোশাক নিয়েও আপত্তি ছিল, যতটুকু কেটেছে তা ওর কারণেই কেটেছে। আমি ঠিকই করেছিলাম যে ঠিকঠাক চেহারা তৈরি করে তবে এই পোশাক পড়ব। শ্যামোপ্তি জানিয়েছেন যে রণজয়ের জন্যই সবটা কেটেছে অভিনেত্রীর।
গুড্ডি সিরিয়াল থেকে শ্যামোপ্তিকে দর্শকরা চিনতে শুরু করেন। তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। রণজয় বিষ্ণুর বিপরীতে অভিনয় করে শ্যামোপ্তি রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছেন যথেষ্ট, কাজও করছেন অনেকদিন। তবে গুড্ডি সিরিয়ালের পর শ্যামোপ্তিকে আর সেভাবে ছোটপর্দায় অভিনয় করতে দেখা যায়নি। তবে এরপরই অভিনেত্রীর হাতে একের পর এক কাজ আসতে শুরু করে। রঙ্কিনী ভবন-এ শ্যামোপ্তির অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। তাঁকে বড়পর্দাতেও ডেবিউ করতে দেখা যাবে খুব শীঘ্রই।
বহুদিন ধরেই শ্যামোপ্তি ও রণজয়ের প্রেমপর্ব চলছিল। তবে তা সামনে কোনওদিন আসেনি। একেবারে বিয়ের কথা পাকা হতেই তাঁদের সম্পর্কের গোপনীয়তা এবার ভেঙে যায়। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই শ্যামোপ্তি ও রণজয় সাত পাকে বাঁধা পড়েন। একেবারে বাঙালি রীতি মেনে শ্যামোপ্তি ও রণজয়ের বিয়ে হয়। বিয়ের পর সুখে সংসার করছেন এই জুটি।